শোয়েবের চোখেই অনিরাপদ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনে অনেকবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখোমুখি হয়েছেন। বোর্ডের বিরাগভাজনও হয়েছেন সেজন্য। কিন্তু এবার তাঁর বক্তব্য যখন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে স্পর্শকাতর জায়গাটাকেই আঘাত দিল, পিসিবির সেটা হজম করা ছাড়া কোনো উপায় থাকছে না।কী বলেছেন শোয়েব? বলেছেন, পাকিস্তান এখনো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মতো নিরাপদ হয়ে ওঠেনি। বিদেশি দলগুলোর এখনই দেশটি সফর করা ঠিক হবে না। ‘আমাদের দেশের নাগরিকেরাই নিরাপদ নয়। দেশে একটা যুদ্ধ চলছে। এ অবস্থায় এখানে বাইরের দল আনা ঝুঁকিপূর্ণ’—রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের কাছে বলেছেন শোয়েব। ‘পিন্ডি এক্সপ্রেস’ নিজেই প্রশ্ন তুলেছেন, ‘যদি সফরকারী দল আবারও আক্রমণের শিকার হয়...? পিসিবিকে অনুরোধ করব, আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মতো পরিস্থিতি সৃষ্টি না হলে তারা যেন কোনো বিদেশি দলকে আমন্ত্রণ না জানায়।’পিসিবি যখন দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে নানা কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত, শোয়েবের এমন বক্তব্য বোর্ডের জন্য চরম বিব্রতকর। শোয়েবের বক্তব্যের প্রতিক্রিয়ায় পিসিবির এক কর্মকর্তা অভিমানভরে বলেছেন, ‘এ মুহূর্তে পাকিস্তানের বাস্তব পরিস্থিতি কী সেটা সবাই জানে। কিন্তু কিছু কথা আছে যেগুলো প্রকাশ্যে বলা ঠিক না। সে যেহেতু অবসর নিয়ে ফেলেছে, মত প্রকাশের স্বাধীনতা তার আছে। তবে তাতে পাকিস্তানের ক্রিকেটের মঙ্গল হবে না।’২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর বন্দুকধারীদের হামলার পর গত তিন বছর কোনো বিদেশি ক্রিকেট দল পাকিস্তান সফর করেনি। গত এপ্রিলে যা-ও দুই ম্যাচের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাবনা দেখা দিয়েছিল, আদালতের নিষেধাজ্ঞায় সেটাও আপাতত স্থগিত। ওয়েবসাইট।