শোয়েবের জন্য 'যুদ্ধংদেহী' সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী অন্তপ্রাণ সানিয়া ছবি: রয়টার্স।
স্বামী অন্তপ্রাণ সানিয়া ছবি: রয়টার্স।

একটা সময় তাঁকে নিয়ে ভারতীয়দের গর্বের জায়গাটা ছিল অন্যমাত্রারই। টেনিস তারকা সানিয়া মির্জা ভারতীয়দের কাছে ছিলেন আদুরে এক মিষ্টি মেয়েই। কিন্তু পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই তাঁর সেই ইমেজে যেন কিছুটা ভাটার টান। ব্যাপারটা অনুমিতই। ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কটা যেহেতু তিক্ততার, তাই এই দুই দেশের কারও মধ্যে সামাজিক সম্পর্কটা এখনো খুব উদারতার চোখে দেখা হয় না। একটা মানসিকতার সমস্যা থেকেই পাকিস্তানি-ভারতীয় দুই পক্ষই সানিয়া-শোয়েব বিয়ের ব্যাপারটি নিয়ে খুব উচ্ছ্বসিত হতে পারে না। কিন্তু পুরো বিষয়টিই যেন থোড়াই কেয়ার করেন সানিয়া-শোয়েব। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে যথেষ্ট গতিতেই এগিয়ে যাচ্ছে তাঁদের দাম্পত্য-জীবন।

শোয়েবের ব্যাপারে সানিয়া সব সময়ই একটু অন্য রকম। শোয়েবকে নিয়ে কথা উঠলেই সানিয়া কেন যেন যুদ্ধংদেহী হয়ে ওঠেন। স্বামীকে যেকোনো সমালোচনার হাত থেকে বাঁচাতে স্ত্রী হিসেবে তিনি রাখেন নিজের সর্বোচ্চ ভূমিকা। এবার যেমন সানিয়া আবার পাশে দাঁড়ালেন স্বামী শোয়েব মালিকের। ক্রিকেট মাঠে ঝামেলায় জড়িয়ে পড়া মালিকের পক্ষে সানিয়া এমনভাবে দাঁড়িয়েছেন, পারলে যেন স্বামীর হয়ে কোমরে কাপড় গুঁজে নেমে পড়েন লড়াইয়ে।

শোয়েবের সমস্যাটা ক্যারিবীয় ক্রিকেট লিগে। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে সেন্ট লুসিয়া ও বারবাডোজের মধ্যকার ম্যাচে তিনি বিতণ্ডায় জড়িয়েছেন ক্যারিবীয় পেসার টিনো বেস্টের সঙ্গে। মাঠ খিস্তি-খেউড় তো হয়েছেই, মাঠের বাইরে হোটেলে ফিরেও নাকি লবিতে এই দুজনের ঝগড়া থামাতে রীতিমতো ‘ওপরের হস্তক্ষেপ’ লেগেছে ।

ঘটনার শুরু সেন্ট লুসিয়ার হয়ে শোয়েবের দারুণ এক ইনিংসের সময়। স্বভাবতই খেলার অমন পরিস্থিতিতে মাথা একটু গরমই হয়ে ছিল টিনো বেস্টের। এ কথা-সে কথায় দুজনের মধ্যে শুরু হয়ে যায় পাল্টাপাল্টি গালিগালাজ—মাঠে যা হয় আর কি! কিন্তু ব্যাপারটা গড়িয়ে যায় অনেক দূরই। দুজনের একজন নাকি বর্ণবিদ্বেষী গালিও ব্যবহার করেছেন এ ঘটনায়। তবে কে করেছেন, ব্যাপারটা এখনো জানা যায়নি।

সানিয়া এ ব্যাপারে স্বামীর পক্ষেই আছেন। তিনি সামাজিক যোগাযোগের সাইট টুইটারে লিখেছেন, ‘ক্রিকেট মাঠে বর্ণবিদ্বেষী ঝামেলা? অসহ্য! আমি নিশ্চিত করেই বলছি, আমার স্বামী শোয়েব টিনো বেস্টকে মারেনি। মারলে কী যে ভালো হতো!’

কী বুঝলেন? এটাই সানিয়া মির্জা!