শৌখিনদের দল আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৪২, চাকরি এমিরেটস এয়ারলাইনসে। পেশা যা-ই হোক, বয়সটা ক্রিকেটের সঙ্গে বেমানান। তিনি খুররম খান, তাঁর নেতৃত্বেই ১৬ মার্চ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে সংযুক্ত আরব আমিরাত দল।
খুররমের মতো আরব আমিরাতের সব ক্রিকেটারই শৌখিন। কারও চাকরি বিজ্ঞাপনী সংস্থায়, কেউ কোনো করপোরেট সংস্থার ব্যবস্থাপক, কেউ করেন অন্য চাকরি। সারা দিন চাকরি, রাতে ক্রিকেট। বিশ্বকাপে খেলতে এসেছেন অফিস থেকে ছুটি নিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা আমিরাতের ক্রিকেটারদের জন্য একটা স্বপ্নপূরণ। আর অংশগ্রহণেই পূরণ হওয়া স্বপ্নটাকে আরেকটু রাঙাতে দোষ কি? উন্মুক্ত মিডিয়া সেশনের আগে অধিনায়কের সংবাদ সম্মেলনে সেটাই বললেন খুররম, ‘সত্যি বলতে কি টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলকেই আপনি বাতিল করতে পারেন না। দল হিসেবে আমরা খুবই ভালো অবস্থায় আছি। তা ছাড়া এখানকার উইকেট অনেকটা আরব আমিরাতের মতোই।’
বছর দুয়েক হলো দলটার কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ। তাঁর হাত ধরে একটু একটু করে শৌখিন ক্রিকেটের মোড়ক থেকে বেরিয়ে আসছেন ক্রিকেটাররা। ‘২৫-৩০ জনের পুল আছে আমাদের। আমরা এরই মধ্যে তাদের নিয়ে একটা পরিকল্পনা করেছি। ওয়ানডে মর্যাদা এবং ২০১৫ বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর তাদের এখন কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হবে’—হোটেল রূপসী বাংলায় টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত উন্মুক্ত মিডিয়া সেশনে কাল জানালেন আকিব।
দলে স্থানীয় খেলোয়াড় খুবই কম। মূলত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার অভিবাসীদের নিয়েই গড়া আমিরাত দল। তাদেরই একজন ভারতীয় বংশোদ্ভূত বিক্রান্ত শেঠি, পেশায় বিজ্ঞাপনী সংস্থার মিডিয়া প্ল্যানার। জানালেন, নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় লক্ষ্য, ‘প্রমাণ করতে চাই, আমরা এখানে এমনি এমনি আসিনি। এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা আমাদের আছে।’
বিক্রান্তের ক্রিকেটে হাতেখড়ি ছোটবেলায়, ‘ভারতে থাকার সময় আমি জুনিয়র ক্রিকেট খেলতাম। বেঙ্গালুরুতে কর্ণাটক রাজ্য দলের হয়ে খেলেছি।’ ‘ছুটির দিনে করার কিছু থাকত না। কর্ণাটক দলে খেলা এক জ্ঞাতি ভাইয়ের পরামর্শে যোগ দিলাম একটা ক্রিকেট একাডেমিতে। ওখান থেকেই শুরু। ভালো খেললাম। জুনিয়র দলে যোগ দিলাম। আরব আমিরাতে এসে আবার খেলা শুরু। সাত বছর ঘরোয়া ক্রিকেটে খেলার পর জাতীয় দলে আসলাম’—ক্রিকেটার হিসেবে উঠে আসার গল্প বলছিলেন বিক্রান্ত।
সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের ‘অলিখিত’ হোমগ্রাউন্ড হয়ে যাওয়ায় দুবাই-আবুধাবির তরুণেরা দিন-দিন ক্রিকেটে আকৃষ্ট হচ্ছেন বেশি করে। তবে আফ্রিদি-কোহলিদের নন, কোচ আকিব জাভেদ সে দেশের তরুণদের সামনে আদর্শ হিসেবে দাঁড় করালেন খুররম খানকে, ‘তার ক্রিকেটার ক্যারিয়ার শুরু পাকিস্তানে। কয়েক মৌসুম খেলে এমিরেটস এয়ারলাইনসে যোগ দেয়। চাকরি নিয়ে ব্যস্ত থাকলেও ক্রিকেটে নিবেদিত খুররম। অন্যদের সামনে উঁচু একটা মান দাঁড় করিয়ে দিয়েছে।’ খুররমকে আকিব বলেন, ‘সবচেয়ে ফিট ৪২।’ মাঝে মাঝে নিউইয়র্ক-দুবাই ফ্লাইট শেষে সামান্য বিশ্রাম নিয়েই সন্ধ্যার পর চলে আসে অনুশীলনে!
ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের টানই হয়তো টেনে তুলছে আমিরাতের ক্রিকেটকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপই শুধু নয়, ১৯৯৬-এর পর এই প্রথম আবার মূল বিশ্বকাপের দরজাও খুলে গেছে তাদের সামনে।