জোহানেসবার্গদলের খেলোয়াড়-কোচ জামাই-শ্বশুর হলে দুজনের জন্যই তা বিব্রতকর। জামাই বিব্রত পরিস্থিতিতে পড়েন, শ্বশুরও শান্তিতে থাকতে পারেন না; নানা কথা আর সমালোচনার হুল ফোটে গায়ে।এই বিশ্বকাপে দুই জোড়া জামাই-শ্বশুর আছেন। প্রথম জোড়া তো বিখ্যাত। আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা ও সার্জিও আগুয়েরো। দ্বিতীয় জোড়া অত বিখ্যাত নন। কিন্তু ওই দলটাও এই বিশ্বকাপে কিছু করে ফেলতে পারে। খুলেই বলা যাক। দলটি হল্যান্ড। কমলা দলের কোচ বার্ট ফন মারউইকের জামাতার নাম মার্ক ফন বোমেল, এবার যিনি অধিনায়ক হিসেবে বায়ার্ন মিউনিখকে জিতিয়েছেন ‘ডাবল’। এর আগে ২০০৫-০৬ মৌসুমে ‘ডাবল’ জিতিয়েছেন বার্সেলোনাকে। এখন কমলা দলে তাঁর সমস্যাটাও ‘ডাবল’, দ্বিমাত্রিক সমস্যা। কোচ শ্বশুর বলে দলের মধ্যেই সহজ হতে পারেন না, আবার বাইরেও নানা কথা শুনতে হয়। এই যে রুড ফন নিস্টলরয় বাদ পড়লেন, তাতে কথা উঠে গেল, কোচ জামাইকে ঠিকই দলে রেখেছেন, কিন্তু নিস্টলরয়ের মতো একজন অভিজ্ঞ স্ট্রাইকারকে দলে নিলেন না।যুক্তি থাকলেও মানুষের মন তো, সেখানে সন্দেহ-সংশয়ের মেঘ উড়ে আসেই। অথচ কৌশলগত কারণেই এই মিডফিল্ডারের দলে থাকাটা যৌক্তিক। মাঝমাঠে প্রচণ্ড খেটে খেলতে পারেন। অফুরন্ত দম। মাঝেমধ্যে দলের প্রয়োজনের মুহূর্তে গোলও করতে পারেন। বায়ার্ন মিউনিখে প্রথম অজার্মান অধিনায়ক ছিলেন গত মৌসুমে। খুব যে মাঠ আলো করে খেলেছেন, তা নয়। তবে তাঁর নেতৃত্বটা ছিল দারুণ। দলে অপরিহার্য বলে কাল প্রথম ম্যাচেই প্রথম একাদশে জায়গা পেলেন। জামাই হিসেবে বাড়তি সুবিধা পেলে মারউইক তো তাঁকে অধিনায়কই করতে পারতেন! কিন্তু অধিনায়ক করেছেন জিওভানি ফন ব্রঙ্কহর্স্টকে। ফন বোমেল অবশ্য একটা জায়গায় বেশ উঁচু স্বরেই কথা বলতে পারেন। মারউইক-কন্যা আন্দ্রাকে বিয়ে করার অনেক পরে জাতীয় দলের কোচ হয়েছেন মারউইক। আর তত দিনে কমলা দলে জায়গাটা প্রায় নিশ্চিতই ছিল বোমেলের।আগুয়েরো অবশ্য বোমেলের মতো আর্জেন্টাইন দলে অপরিহার্য নন। আর এবার স্প্যানিশ লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এমন কিছু করেও ফেলেননি যে, মেসি, তেভেজ, হিগুয়েইন বা মিলিতোর কাউকে সরিয়ে আক্রমণভাগে জায়গা করে নেবেন। জামাইয়ের ওপর ম্যারাডোনা খুব প্রসন্নচিত্ত বলেও মনে হলো না। অনুশীলনে আগুয়েরো গোল মিস করলে এমন চোখে তাকালেন, যেন অনুচ্চারে ছড়িয়ে পড়ল এই কথাটা, ‘তুমি আমার মেয়ে জিয়ান্নিনার বর হওয়ার যোগ্য নও!’গির্জায় গিয়ে আইনসিদ্ধভাবে বিয়েটাকে আগুয়েরো ‘কবুল’ করেছেন বলে শোনা যায়নি। ওসবের দরকারই বা কী! কোনো একসময় সময় করে উঠতে পারলে হবে। আর বিখ্যাত শ্বশুর সাহেব যখন স্বীকৃতি দিয়েছেন, দরকারও নেই।বোমেলের বিয়েটা একেবারে আইনসিদ্ধ, গির্জায় গিয়ে ‘তুমি আমার, আমি তোমার’ বলে সাতজন্মের সম্পর্কে বাঁধা পড়েছেন। তিন সন্তানের জনক। ফুটবলার-জীবনে ছেলেমেয়েদের কাছে পান না বলে কত আক্ষেপ তাঁর! তবে স্ত্রী আনাকে ধন্যবাদ দেন, ‘ওর অসীম ধৈর্য। ও-ই সন্তান তিনটিকে মানুষ করে তুলছে। আমার সঙ্গে ওদের দেখাই হয় না। আমার জীবনটা কেটে গেল প্র্যাকটিস মাঠে, মাঠে আর টানেলে। আমার খুব ইচ্ছে করে, বাচ্চাদের সঙ্গে একটু খেলি। কিন্তু সেই জীবন তো আমার নয়।’হল্যান্ড যদি অনেক দূর যেতে পারে তাহলে হয়তো আন্দ্রা বাচ্চাদের নিয়ে আসতেও পারেন বিশ্বকাপে। তবে আগুয়েরোর স্ত্রী জিয়ান্নিনা বড় বোন দালমা আর ছেলে বেঞ্জামিনকে সঙ্গে করে বিশ্বকাপ শুরুর আগেই এসে হাজির। যার রক্তের মধ্যে ফুটবলের অতল আহ্বান, সে কি না এসে পারে? এখানে জিয়ান্নিনারা তিনজন এসে উঠেছেন আর্জেন্টিনার বেস ক্যাম্প প্রিটোরিয়া হাইপারফরম্যান্স সেন্টারের পাশের এক হোটেলে। সেখান থেকে ছেলে বেঞ্জামিনকে নিয়ে বাবার সঙ্গে দেখা করে যাচ্ছেন। আগুয়েরোর সঙ্গে আপাতত কথাবার্তা বলছেন কোচের অনুমোদিত সময় অনুযায়ী। কিন্তু আগুয়েরো এখনো জিয়ান্নিনার কাছে যাওয়ার অনুমতি পাননি। কোনো একসময় হয়তো পাবেন। আপাতত আর্জেন্টিনার লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে ওঠা। ওই লক্ষ্য পূরণ হলেই জিয়ান্নিনা-আগুয়েরো হয়তো বিচ্ছিন্নভাবে থাকবেন না এখানে। আর ফাইনালে উঠতে পারলে তো কোনো কথাই নেই। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটা আগুয়েরো পরিবারের জন্য হবে ভীষণই মধুর।