শ্বেতচন্দনের রাজটিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ফুটবলের তিন রত্ন। নিজ দলের সবচেয়ে বড় ভরসা। বিশ্বকাপের দুর্গম গিরি কান্তার মরু পেরোতে এই তিনজনের দিকে তাকিয়ে তাঁদের দল। চ্যালেঞ্জ তিনজনের ভিন্ন, লক্ষ্য এক। আর কেউ চ্যালেঞ্জ জিতলেই তাঁর পুরস্কার ইতিহাসের মহানায়কের আসন

লিওনেল মেসি
লিওনেল মেসি

কে উনি? সেজবাতির ম্লান আলো আর ধূপধোঁয়ায় ঠিক চেনা যাচ্ছে না। হাঁটু গেড়ে, করজোড়ে প্রার্থনার ভঙ্গিতে। মাথাটা ঈষৎ নামানো। বিড়বিড় করে কী যেন জপছেন। কোনো সাধনামন্ত্র?
ইচ্ছাপূরণ দেবীর মন্দিরে গেলেই দেখা মিলবে তাঁর। প্রথম দেখায় না চিনলেও একটু এগোলেই বুঝতে পারবেন, কপালে নেবে আসা অবাধ্য চুলের এই তরুণটা আর কেউ নন—লিওনেল মেসি! ইচ্ছাপূরণ দেবীর মন্দিরে রোজই আসছেন। একটাই প্রার্থনা: হে দেবী, আমার জীবনের সব অর্জন ফিরিয়ে নাও। আজন্ম আরাধ্য ট্রফিটা এনে দাও। হে দেবী, হে দেবী...!
এমনিতে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচটা মনে রাখার কোনো কারণ ছিল না। তার পরও সেই ম্যাচটি মেসি মনে রেখেছেন দুটি কারণে। প্রথমত, ২০০৬ জার্মানিতে এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ অভিষেক। ৭৪ মিনিটে ম্যাক্সি রদ্রিগেজের বদলি হয়ে নেমেছিলেন। ৮৮ মিনিটে একটি গোলও করেন।
বিশ্বকাপে প্রথম ম্যাচেই গোল! মেসি তখনো জানতেন না, ‘প্রথম’টাই তাঁর অনেক দিন ধরেই ‘সর্বশেষ’ গোল হয়ে থাকবে। বিশ্বকাপে মেসি যে আর গোলই পাননি। এমনকি ২০১০ সালে, ক্যারিয়ারের সোনালি সময়টাতেও বিশ্বকাপে গোল পাননি মেসি। এর চেয়েও বিস্ময়কর হলো, তাঁকে যাঁর উত্তরসূরি হিসেবে বলে বলে বা লিখে লিখে এক সমুদ্র কলমের কালি ফুরিয়ে গেছে, সেই ডিয়েগো ম্যারাডোনার অধীনেই সবচেয়ে বাজে সময় গেছে মেসির। কোচ ম্যারাডোনার সময় ১৬ ম্যাচ খেলে মেসির গোল মাত্র ৩টি।
সমস্যাটা কোথায়? খুব বেশি তলিয়ে দেখতে বয়েই গেছে সমর্থকদের। তাই মেসির দিকে ধেয়ে গেছে অন্যায় সমালোচনার তির। শৈশবেই আর্জেন্টিনা ছেড়ে যাওয়া মেসি বার্সেলোনার প্রতি যতটা অনুগত ও দায়বদ্ধ, আর্জেন্টিনা হয়ে ততটা নন। মেসি জাতীয় সংগীতে পর্যন্ত ঠোঁট মেলান না—কত সমালোচনা! এসব সমালোচনায় হূদয় রক্তাক্ত হয়েছে।
কিন্তু মেসি ভেঙে পড়েননি। মাথার ওপর পেয়েছেন কোচ আলেসান্দ্রো সাবেলার স্নেহশীল হাত। তাঁর নাড়ির স্পন্দন সবচেয়ে ভালো বুঝছেন এই সাবেলাই। আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেওয়ার পর যিনি অধিনায়কের বাহুবন্ধনী তুলে দিয়েছেন মেসির হাতে। সাবেলা কোচ হওয়ার পরই আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিক। শুধু তা-ই নয়, তিন ম্যাচের ব্যবধানে মেসি হ্যাটট্রিক করলেন দুটি! একটি আবার ব্রাজিলের বিপক্ষে। সাবেলা-পূর্ব ছয় বছরে ১৮ গোল করেছেন। সাবেলা কোচ হওয়ার পর তিন বছরে মেসির ১৯ গোল। ১০টিই বিশ্বকাপ বাছাইপর্বে।
মেসিকে এতটা মরিয়া আগেও কখনো দেখা যায়নি। সর্বকালের সেরাদের তালিকায় জায়গা পাবেন, এ নিয়ে কোনো প্রশ্নই নেই। তবে যে অর্জন মিশেল প্লাতিনির থেকে জিনেদিন জিদানকে আলাদা করে দেয়, আলফ্রেডো ডি স্টেফানো কিংবা ফেরেঙ্ক পুসকাসের চেয়ে এগিয়ে রাখে পেলেকে—সেই শ্বেতচন্দনের রাজটীকা কপালে আঁকতে না পারলে মেসির কিংবদন্তি তকমায় থেকে যাবে খাদ।
মেসি তা জানেন। এ কারণেই ব্রাজিলে জ্বলে উঠতে তৈরি। অতৃপ্তির শিশির পারফরম্যান্সের খরতাপে উবে দেওয়ার সেরা সুযোগ আসছে এবার, সম্ভাব্য শেষ সুযোগও। ২৬ বছর বয়সে বিশ্বকাপ জিতেছিলেন ম্যারাডোনা। মেসিরও বয়স এখন ২৬! আরেকটা বিশ্বকাপ আসতে আসতে মেসি কিন্তু ৩০ পেরোবেন।
আর তাই—ইটস নাউ অর নেভার!
রাজীব হাসান