শ্যামল সিলেটে কমলা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসম্ভবের দিকেই ছুটছিল হল্যান্ড। বেন কুপার ও ওয়েসলি বারেসি (ডানে) সেই অসাধ্য সাধনের অভিযানে দিলেন শেষ আঁচড়। দুই ডাচ ব্যাটসম্যান খুশিতে তাই ব্যাটটা ছুড়ে ফেললেন মাটিতে! কাল সিলেটে  ওয়েবসাইট
অসম্ভবের দিকেই ছুটছিল হল্যান্ড। বেন কুপার ও ওয়েসলি বারেসি (ডানে) সেই অসাধ্য সাধনের অভিযানে দিলেন শেষ আঁচড়। দুই ডাচ ব্যাটসম্যান খুশিতে তাই ব্যাটটা ছুড়ে ফেললেন মাটিতে! কাল সিলেটে ওয়েবসাইট

ফাইনাল ৬ এপ্রিল মিরপুরে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেট যেন আগেই এক ‘চ্যাম্পিয়নের’ উৎসব দেখে ফেলল! চা-বাগানের শ্যামল সিলেটে উৎসবের রংটাও হয়ে থাকল কমলা। ওহ্, হ্যাঁ, সিলেটে কমলারও চাষ হয়!
অবিশ্বাস্য এক জয়ে কাল সিলেট স্টেডিয়ামে কমলা রঙের ঢেউ তুলল হল্যান্ড দল। ড্রয়ের পর থেকেই শুরু আলোচনা। কাল ম্যাচের আগেও সেটি ছিল, আয়ারল্যান্ড না জিম্বাবুয়ে যাবে টি- টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে? আয়ারল্যান্ডের ইনিংস শেষে সেই আলোচনাটার সুর আরও চড়া। আয়ারল্যান্ড ৪ উইকেটে তুলল ১৮৯ রান। ওয়ানডে মর্যাদা খুইয়ে বাংলাদেশে আসা হল্যান্ড ১৯০ রান তাড়া করে জিতবে, এটা কেউ ভাবতেই পারেনি। আর আয়ারল্যান্ড জিতলেই টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের আশা শেষ। সুপার টেনে উঠবে আইরিশরাই। সুযোগ একটা হল্যান্ডেরও ছিল। তবে ১৪.২ ওভারে তাদের করতে হবে ১৯০ রান। এ তো অসম্ভব!
কিন্তু দিনটাই যে ছিল ডাচদের। ছক্কা-বৃষ্টিতে তারা ক্রিকেট-বিশ্বকে অবাক করে লক্ষ্যে পৌঁছে গেল তারও ৩ বল আগেই, ১৩.৫ ওভারে ১৯৩! একগাদা রেকর্ডের জন্ম দিয়ে সুপার টেনে ওঠে ডাচদের সে কী উল্লাস! যেন চ্যাম্পিয়নই হয়ে গেছে তারা! এই জয়ের পর ক্রিকইনফোর ভাষ্যকার লিখলেন, ‘পাগুলে। উত্তেজনাকর। জাদুকরি। আর কী বলতে পারি...বিস্ময়কর...বিস্ময়কর এক ম্যাচ!’ বিনোদনপসারী এই ম্যাচ টি-টোয়েন্টির বাছাইপর্বটাকে করে রাখল রঙিন।
সুপার টেনে উঠতে হলে জিততেই হবে। নিজেদের ইনিংস শেষে জয়ের স্বপ্নই দেখছিল আয়ারল্যান্ড। আশায় ছিল দিনের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে দেওয়া জিম্বাবুয়েও। হল্যান্ড ১৪.২-এর বেশি ওভারে জিতলে ‘বি’ গ্রুপ থেকে সুপার টেনে যেত জিম্বাবুয়ে। কিন্তু দুই দলকেই হতাশ করে পিটার বোরেনের দল জন্ম দিল ডাচ-রূপকথা।
কাল হল্যান্ডের স্টেফান মাইবুর্গ, বোরেন, বারেসি, কুপার—প্রত্যেকেই হয়ে গেলেন একেকজন ‘ক্রিস গেইল’! শুরু থেকেই ঝড় তুললেন বোরেন-মাইবুর্গ। ৩.১ ওভারে ৫০! ৬ ওভারের উদ্বোধনী জুটিতেই ৯১ রান। ২ ছক্কা ৪ চারে বোরেন করেন ১৫ বলে ৩১। মাইবুর্গ ২৩ বলে করেছেন ৬৩ রান। যাতে ৪ চারটি, ছক্কা ৭টি। ১ চার, ৬ ছক্কায় টম কুপার ১৫ বলে করেছেন ৪৫ রান। একটি ছক্কা মেরেছেন আরেক কুপার, বেনও। ছক্কা মেরেই ম্যাচ শেষ করা বারেসির ২২ বলে অপরাজিত ৪০ রানের ইনিংসে ছক্কা ৩টি। সব মিলিয়ে হল্যান্ডের ইনিংসে ১৯টি ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আগে দেখেনি। ৩০ ছক্কাও আগে দেখেনি কোনো ম্যাচ! ‘সব পেয়েছি’র আনন্দে হল্যান্ড অধিনায়ক বোরেন বললেন, ‘আয়ারল্যান্ডের জন্য দুঃখ হচ্ছে, তারা আড়াইটা ম্যাচ ভালো খেলেও পারল না।’
আয়ারল্যান্ড ১৮৯ রানের পাহাড় গড়েছিল অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ড্রু পয়েন্টার ও কেভিন ও’ব্রায়েনের ঝড়ে। পয়েন্টার-কেভিন দুজনেই ছক্কা মেরেছেন চারটি করে। পোর্টারফিল্ড নিজেকে যেন মনে করলেন লুণ্ঠিত এক অধিনায়ক, ‘১৯০ করার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু ঘটল আরও দুর্দান্ত কিছু। আমাদের করার কিছুই ছিল না।’
দিনের প্রথম ম্যাচে আমিরাতকে (১১৬/৯) ৫ উইকেটে হারিয়ে জিম্বাবুয়ে বসে ছিল আশায় বুক বেঁধে। তারা তো তখন কল্পনাও করতে পারেনি কী বিস্ময় জমিয়ে রেখেছে হল্যান্ড! তথ্যসূত্র: ক্রিকইনফো ও মাছরাঙা টেলিভিশন।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড-হল্যান্ড
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮৯/৪ (পয়েন্টার ৫৭, পোর্টারফিল্ড ৪৭, কেভিন ৪২*, জয়েস ২৮; মালিক ২/২৬, গুগটেন ১/৩২)। হল্যান্ড: ১৩.৫ ওভারে ১৯৩/৪ (মাইবুর্গ ৬৩, টম কুপার ৪৫, বারেসি ৪০*, বোরেন ৩১; কেভিন ২/২৯, ডকরেল ১/৪৩, মুরটাগ ১/৪৭)। ফল: হল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টেফান মাইবুর্গ।
আরব আমিরাত-জিম্বাবুয়ে
আরব আমিরাত: ২০ ওভারে ১১৬/৯ (পাতিল ৩০, খুররম ২৬, শাজাদ ২১; উইলিয়ামস ৩/১৫, রাজা ২/১৫, চাতারা ২/২১)। জিম্বাবুয়ে: ১৩.৪ ওভারে ১১৮/৫ (চিগুম্বুরা ৫৩*, মারুমা ২২*; গুরুগে ২/১৮, খুররম ১/৮, সিলভা ১/২০, রাজা ১/২৯)। ফল: জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এলটন চিগুম্বুরা।
হল্যান্ড আয়ারল্যান্ড ম্যাচে
১৯ এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা।
৩০ হল্যান্ডের ১৯, আয়ারল্যান্ডের ১১। দুই দল মিলে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
৯১ পাওয়ার প্লের ব্যাটিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ডাচদের।
২২৭.৭১ ডাচ ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট, যা টি-টোয়েন্টির সর্বোচ্চ।