শ্যামলী ৬৪ জনে ৫৩তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সাত প্রতিযোগীর মধ্যে সবার আগে রিও অলিম্পিক শুরু করে দিলেন আর্চার শ্যামলী রায়। রিকার্ভ ইভেন্টে কাল ছিল তাঁর র্যাঙ্কিং রাউন্ড। এ রাউন্ডেই ঠিক হয়েছে, ৬৪ থেকে সেরা ৩২-এ যাওয়ার লড়াইয়ে কে কার সঙ্গে খেলবেন। শ্যামলী ৬৪ জনের মধ্যে ৫৩তম হওয়ায় ৮ আগস্ট তাঁকে খেলতে হবে র্যাঙ্কিংয়ের ১২তম মেক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ার্দোর সঙ্গে।
র্যাঙ্কিং রাউন্ডে গ্যাব্রিয়েলার স্কোর হয়েছে ৬৪৮। তাঁর থেকে ৪৮ স্কোর কম করেছেন শ্যামলী (৬০০)। আরেকটু ভালো স্কোর করার আশা ছিল প্রথমবারের মতো অলিম্পিকে যাওয়া বাংলাদেশের এই আর্চারের। সেটা করতে না পারায় অনেক বেশি কঠিন হয়ে গেল তাঁর সেরা ৩২-এ যাওয়া। র্যাঙ্কিং রাউন্ডে প্রথম হওয়া দক্ষিণ কোরিয়ার আর্চার চোই মুই সুনের স্কোর ৬৬৯।