শ্যুটার শারমিন-সাদিয়া বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শ্যুটিংয়ের অনেক অর্জনের সঙ্গেই জড়িয়ে তাঁদের দুজনের নাম। এখনো সেরা শ্যুটারদের তালিকায় সবার ওপরেই থাকেন এ দুজন। ঘরোয়া ও আন্তর্জাতিক পারফরম্যান্সে সব সময়ই পাশাপাশি অবস্থান শারমিন আক্তার (রত্না) ও সৈয়দা সাদিয়া সুলতানার। তারই ভিত্তিতেই এসএ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনাজয়ী দুই শ্যুটারকে তিন বছর ধরে বৃত্তি দিয়ে আসছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কিন্তু বিওএর নতুন বৃত্তি-তালিকায় বিস্ময়করভাবে এই দুই শ্যুটারের নাম নেই!
গত জানুয়ারি থেকে শারমিন-সাদিয়া বৃত্তির টাকা পাচ্ছেন না। সম্প্রতি বিওএ শ্যুটিং ফেডারেশনের কাছে সেরা শ্যুটারদের নামের তালিকা ও পারফরম্যান্সের সংক্ষিপ্ত বিবরণী চেয়েছিল। ফেডারেশন থেকে বিওএতে পাঠানো বৃত্তির সেই তালিকায় বাদ পড়েছেন এই দুজন। নতুন তালিকায় আছেন রাইফেলে আবদুল্লাহেল বাকি ও শারমিন আক্তার। স্কিটে গত বাংলাদেশ গেমসের সোনাজয়ী সাব্বির হাসান এবং জুনিয়র বিভাগ থেকে রিসালাতুল ইসলাম। শেষের জন গত আগস্টে এশিয়ান যুব গেমসে হতাশ করে ১০ মিটার এয়াররাইফেলে হয়েছিলেন ১২তম।
উদীয়মানদের বৃত্তি দিতেই পারে বিওএ। কিন্তু পারফরম্যান্সই বৃত্তি পাওয়ার মানদণ্ড হলে শারমিন রত্না এবং সাদিয়া বাদ পড়েন কীভাবে, সেটি বড় প্রশ্ন। গত বাংলাদেশ গেমসে মেয়েদের ১০ মিটার এয়াররাইফেলে সোনা জেতেন সাদিয়া। দ্বিতীয় শারমিন (রত্না)। কিন্তু কেন বাদ পড়েছেন? গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারছে না শ্যুটিং ফেডারেশন। গত বাংলাদেশ গেমসে ১০ মিটার এয়াররাইফেলে রুপা জেতেন বাকি। কিন্তু এই ইভেন্টে সোনা জিতেও এবার বৃত্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন রাব্বি হাসান। শ্যুটিং অঙ্গনে গুঞ্জন, ফেডারেশনের এক কর্মকর্তার পছন্দের খেলোয়াড়দের নামই বৃত্তির জন্য মনোনীত করে পাঠানো হয়েছে বিওএতে।
এ ব্যাপারে জানতে শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদের সঙ্গে কাল বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। তবে বিওএর ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আশিকুর রহমান দাবি করলেন, ‘খেলোয়াড়দের বায়োডাটা ও পারফরম্যান্স দেখে বৃত্তির ব্যাপারটা চূড়ান্ত করা হয়েছে। এ নিয়ে কোনো অনিয়ম হয়নি। চলতি মাস থেকেই আমরা খেলোয়াড়দের বৃত্তি দেওয়া শুরু করব।’