শ্যুটারদের ক্রমাবনতি নতুন অশনিসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারমিন আক্তার ২২তম, শারমিন আক্তার (রত্মা) ৩৫তম, তৃপ্তি দত্ত ৩৯তম। আরও শুনবেন? আসিফ ২২তম, আবদুল্লাহ ২৩তম, তৌফিক ৩৩তম।এশিয়ান গেমসে বাংলাদেশের সেরা শ্যুটারদের ব্যক্তিগত অবস্থান নিচের দিকে থাকতেই পারে। লড়াইটা যে চীন-কোরিয়া, ভারতের বিশ্বমানের তারকাদের সঙ্গে। তাই গুয়াংজুতে আসা বাংলাদেশ শ্যুটিং দলের কাছে পদকের আশা ছিল না। কিন্তু তাই বলে কেউ ২২ আর কেউ ৩৫তম হবেন—এটা অপ্রত্যাশিত। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে শারমিন আক্তারের স্কোর ৪০০-তে ৩৯২। দেশে ২-৩ স্কোর বেশি করে এসেছেন। তবে ২০০৪ দক্ষিণ এশীয় গেমসে সোনাজয়ী অনেক দিন পর আন্তর্জাতিক শ্যুটিংয়ে ফিরে এই স্কোর নিয়ে খুশি থাকতে চাইলে থাকতে পারেন। বড় পতন দেখা যাচ্ছে গত এসএ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দেওয়া শারমিন আক্তারের। নিজের সেরা ৩৯৮, এমনকি এই সেদিন কমনওয়েলথ গেমসে ৩৯৪ করা শারমিন গুয়াংজুতে করলেন ৩৯০। এক মাসের মধ্যেই এমন পতন দেশের শ্যুটিংয়ের জন্যই নতুন অশনিসংকেত।সব গেমস এবং টুর্নামেন্টেই দলের সঙ্গী হওয়া তৃপ্তি দত্তের স্কোর ৩৮৮। তৃপ্তির স্কোর বাড়ানোর কোনো তাগিদও নেই। শ্যুটিং ফেডারেশনের কারও না কারও পছন্দে তাঁর দলে থাকা তো নিশ্চিত!ব্যর্থতার মিছিলে বড় হয়ে উঠছে আসিফ-আবদুল্লাহদের স্কোরও। ১০ মিটারে কমনওয়েলথ ও এসএ গেমসে সোনাজয়ী আসিফ হোসেনের সর্বোচ্চ ৬০০-তে ৫৯৬। কাল করলেন মাত্র ৫৮৫! গত মাসেই দিল্লি কমনওয়েলথ গেমসে করেছিলেন ৫৮৬। ১৬তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পরশু যার হাতে ছিল বাংলাদেশের পতাকা, সেই আবদুল্লাহ হেল বাকির স্কোরও ৫৮৫। তৌফিক শাহরিয়ার আরও দূরে—৫৮১।দলগতভাবে বাংলাদেশের অবস্থা আর ভালো হয় কীভাবে? মেয়েদের বিভাগে ১৫ দলে দশম আর ছেলেদের বিভাগে ১৪ দলে অষ্টম হওয়া তাই স্বাভাবিকই। শ্যুটারদেরও এ নিয়ে কোনো ভাবান্তর নেই। শারমিন আক্তারের (রত্না) কথা, ‘প্র্যাকটিসেও তো আমি এ রকমই মেরেছি!’ আসিফের কোনো হেলদোলই দেখা যায়নি। তাঁর বন্ধু অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা ৪৮ জনে দশম (৫৯৩)। গত কমনওয়েলথ গেমসে ৬০০-তে ৬০০ করে সোনাজয়ী গগন নারাংকে খুশি থাকতে হয়েছে রুপা জিতে (৫৯৩)। চীনের জু কুইয়ান ছিনিয়ে নিয়েছেন সোনা (৫৯৮)।দাবায় ২৫ মিনিটের ব্যক্তিগত র্যা পিড প্রতিযোগিতায় প্রথম দুই রাউন্ডে বাংলাদেশের দুটি করে জয়। বাকি ম্যাচগুলোতে হার। প্রথম রাউন্ডে নিয়াজ মোরশেদ জিতেছেন। শামীমা আক্তার পেয়েছেন ওয়াকওভার। দ্বিতীয় রাউন্ডে জয় মিনহাজ-শামিমা সুলতানার। ভারোত্তোলনে বাংলাদেশের মোল্লা সাবিরা সুলতানা প্রাক-বাছাইয়ে চারজনের মধ্যে তৃতীয়।আজ শুরু হচ্ছে মেয়েদের হকি। এশিয়াডে অভিষেক হওয়ার দিনে উপমহাদেশের জনপ্রিয় এই খেলায় মেয়েদের বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।