শ্যুটারদের শেষ স্টেশন দোহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শ্যুটিং দল আজ দোহা রওনা হচ্ছে। উদ্দেশ্য ১২তম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া। তবে এই প্রতিযোগিতা বাংলাদেশের শ্যুটারদের কাছে অন্য কারণে তাৎপর্যময়। এ বছর লন্ডন অলিম্পিকে খেলার সুযোগ পেতে এটাই তাঁদের সামনে শেষ সুযোগ।মূলত মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলেই অলিম্পিকের টিকিট পাওয়ার যা একটু সম্ভাবনা আছে। শারমিন আক্তার, শারমিন আক্তার (রত্না), তৃপ্তি দত্তের স্কোর ৪০০-তে ৩৯৬-৯৭ মোটামুটি ধারাবাহিকভাবেই ছিল। ৩৯৮-ও হয়েছে। এটা আশার দিক। এই তিনজন মূল বিভাগে এবং সাদিয়া সুলতানা জুনিয়র বিভাগে খেলবেন।অলিম্পিকে প্রতিটি ইভেন্টেই সরাসরি সুযোগ পান ২৯ জন। তার মধ্যে ২৭ জন করে নির্বাচিত হয়ে গেছেন এর আগের বিভিন্ন প্রতিযোগিতায়। মেয়েদের এয়ার রাইফেলের বাকি দুজন নির্বাচিত হবেন দোহার এই চ্যাম্পিয়নশিপ থেকে।তবে আত্মবিশ্বাসী হলেও কাজ সহজ মনে করছেন না শারমিন, রত্নারা। কেননা আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্নায়ুচাপে পড়ে প্রায়ই নিজেদের স্বাভাবিক স্কোর করতে না পারার অভিজ্ঞতা এই শ্যুটারদের আছে। ‘ভয়’কে জয় করার চ্যালেঞ্জ নিয়েই তাঁরা যাচ্ছেন। মেয়েদের ১০ মিটারের লড়াইটা হবে ১৪ জানুয়ারি।আসিফ হোসেন খান ও আবদুল্লাহেল বাকি খেলবেন পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে। নিজেকে হারিয়ে খোঁজা আসিফের কাছে দলের সঙ্গী হতে পারাটাই এখন বড় বিষয়। তাঁদের পক্ষে অলিম্পিকের টিকিট জোগাড় করার সম্ভাবনা দেখছে না শ্যুটিং ফেডারেশন। আসিফ-বাকির খেলা ১৩ জানুয়ারি। এ ছাড়া তৌফিক শাহরিয়ার, রমজান আলীকে নিয়ে গড়া ৫০ মিটার রাইফেল দলটার কাছে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জনই বড় কথা। পিস্তলে আরমিন আশার দলভুক্তিই একই লক্ষ্য রেখে।প্রসঙ্গত, সরাসরি সুযোগ না পেলে শেষ পর্যন্ত ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে একজন শ্যুটার অলিম্পিকে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশ থেকে।