শ্যুটারদের ‘কঠিন’ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটারদের ‘নিয়ন্ত্রণ’ করার জন্য মোক্ষম এক দাওয়াই বের করল শ্যুটিং ফেডারেশন। ঢাকায় গুলশান রেঞ্জে শ্যুটাররা একাগ্র অনুশীলন করেন না—এই সিদ্ধান্তে পৌঁছে এবার অনুশীলন ক্যাম্প হিসেবে বেছে নেওয়া হলো চট্টগ্রাম সেনানিবাসকে। এ মাসেই সেখানে দেশের আটজন শীর্ষ শ্যুটার পাঠানো হচ্ছে চার মাসের অনুশীলনের জন্য। শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ব্যাখ্যা করলেন ব্যতিক্রমী সিদ্ধান্তটা, ‘গুলশান রেঞ্জে থাকলে শ্যুটাররা নানা বাহানায় ছুটি কাটাতে চায়। শৃঙ্খলা ভেঙে পড়ে। এই তারকা শ্যুটাররা সত্যিকার অর্থে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ কারণেই আমরা এমন একটা জায়গা বেছে নিলাম, যেখানে শ্যুটারদের শৃঙ্খলা ভাঙার সুযোগ থাকবে কম এবং তাদের কাছ থেকে কাজ আদায় করা যাবে।’ব্যতিক্রম আরেকটা দিক থেকেও। এবার শ্যুটারদের কাছ থেকে মুচলেকা নেওয়া হচ্ছে। রাত আটটার আগে ক্যাম্পে ঢুকতেই হবে। সপ্তাহে দুই দিন ছুটি। বাকি পাঁচ দিনে অন্তত ৩০ ঘণ্টা অনুশীলন করা চাই। ছুটি পাওয়া যাবে না। চট্টগ্রাম সেনানিবাসের ভেতরেই চট্টগ্রাম সেনা শ্যুটিং ক্লাব। পাহাড়ি এলাকা। এমনিতে বাইরে যাওয়ার সুযোগ কম, তার পরও কেউ বিনা অনুমতিতে বাইরে যেতে পারবেন না। এ ছাড়া তিন বেলাই সবার একসঙ্গে খেতে হবে। এই শর্তাবলির যেকোনো একটি ভঙ্গ হলেই তৎক্ষণাৎ বহিষ্কার।এই ক্যাম্পটা শ্যুটারদের স্কোর বাড়ানোর পাশাপাশি ফিটনেস বাড়াতে সাহায্য করবে, যেটা খুব দরকার। সেনাবাহিনীর একজন ট্রেনার থাকছেন। শ্যুটিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আসহাব উদদীন চট্টগ্রামে জিওসি হিসেবে কর্মরত, তাঁর প্রত্যক্ষ পর্যবেক্ষণ থাকবে বলে ‘অর্থবহ’ ক্যাম্পের আশা ফেডারেশনের।ক্যাম্পের জন্য মনোনীত ৮ শ্যুটার—আসিফ হোসেন খান, আবদুল্লাহ হেল বাকি, মাহমুদুল হাসান, সজীব হোসেন, শারমিন আক্তার (রত্না), সাদিয়া সুলতানা, শারমিন আক্তার ও তৃপ্তি দত্ত। এঁদের মধ্যে আবদুল্লাহ আর শারমিন আক্তারকে (রত্না) আগামী ১৬-২৩ জুলাই জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ শ্যুটিংয়ে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এই সুযোগ না পাওয়ায় আসিফ বেশ ব্যথিত। তবে ফেডারেশন বলছে, ক্যাম্পে ভালো করলে নতুন করে খেলোয়াড় নির্বাচন হতে পারে। এই ক্যাম্প আগামী বছর লন্ডন অলিম্পিকে কোটা পাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে শ্যুটারদের কাছে একটা সুযোগও বটে। জার্মানি বিশ্বকাপে না যেতে পারলে কোটার জন্য কীভাবে লড়ব—প্রশ্ন আসিফের। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষে আসিফ ক্যাম্পে যোগ দিতে চান, এটা অন্তত নিশ্চিত করে বলছেন।বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে ক্যাম্প এবং জার্মানিতে দল পাঠানোর জন্য ২২ লাখ টাকা চেয়েছে ফেডারেশন। অলিম্পিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে কোচিংয়ের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। উন্নতমানের বিদেশি কোচের বিকল্প নেই, শ্যুটিং ফেডারেশন দেশি কোচ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে। গত কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্যুটারদের স্কোর ছিল নিম্নমুখী। ফলাফল যাচ্ছেতাই। এই অবস্থায় যতই শৃঙ্খলার কথা বলা হোক, উন্নত কোচিংয়ের বিকল্প কী আছে?