শ্যুটিং আঁকড়েই তাঁর বেঁচে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যু ঘুরে গেছে তাঁর পাশ দিয়ে। কিন্তু কেড়ে নিয়েছে স্বামীকে, আড়াই বছরের শিশুসন্তান পুষ্পিতাকে। একই গাড়ি দুর্ঘটনায় ওরা দুজন না-ফেরার দেশে। তিনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। সুস্থ হয়ে আবার শ্যুটিংয়ের প্রিয় আঙিনায় আশ্রয় খুঁজে নিলেন লাভলী চৌধুরী (আঁখি)।গত ৩১ অক্টোবর, ঈদুল আজহার দুই দিন পর। স্বামী-সন্তানের সঙ্গে প্রাইভেটকারে শ্বশুরবাড়ি পাবনা থেকে ফিরছিলেন ঢাকায়। চালকের আসনে লাভলীর স্বামী সাবেক শ্যুটার ও কোচ ফিরোজ হোসেন পাখি। সামনে লাভলী, পেছনে কাজের মেয়ের কোলে শিশু পুষ্পিতা। কিন্তু নাটোরের বনপাড়ায় ট্রাকের সঙ্গে ভয়াবহ এক দুর্ঘটনায় মুহূর্তেই লাভলীর পৃথিবী এলোমেলো হয়ে গেল। কাজের মেয়েসহ স্বামী-সন্তানের ঘটনাস্থলেই মৃত্যু তাঁকে নিঃস্ব করে দিয়েছে। ১৮ বছর পর বেদনাবিধুর বিচ্ছেদ। শ্যুটিংয়ে এসেই ফিরোজের সঙ্গে পরিচয় ১৯৯৪ সালে। তারপর ভালোলাগা থেকে ভালোবাসা, ২০০১ সালে বিয়ে। সেই স্বামী আজ শুধু দেয়ালে টানানো নির্বাক ছবি। যে ছবি মনে করিয়ে দেয় হাজারো স্মৃতির কোলাজ।এখন মণিপুরিপাড়ার ‘স্বামীর ঘর’ থেকে প্রতিদিন সকালে চলে আসেন গুলশান শ্যুটিং রেঞ্জে। সেখানেই কাটে সারা দিন। শ্যুটিং ফেডারেশনের চলমান জাতীয় দলের ক্যাম্পে আছেন পিস্তল কোচের দায়িত্বে। একই সঙ্গে সহকারী ক্যাম্প পরিচালকও সাবেক এই শ্যুটার। তবে এসব পরিচয় গৌণ, জীবনের ঝোড়ো হাওয়ায় সব ছাপিয়ে এখন নিজেকে দেখেন ‘বিধবা’ এক নারী হিসেবে।যিনি শ্যুটিং রেঞ্জে কখনো মমতাময়ী বোন, কখনো শ্যুটারদের সুখ-দুঃখের সঙ্গীও। নীরব শ্যুটিং রেঞ্জে লাভলীর ছোঁয়ায় খানিক প্রাণ পায়। কিন্তু সেটির তাঁর ওপরের আবরণ। ভেতরের মানুষটি বয়ে বেড়ান কষ্টের পাহাড়। টোকা দিলেই যেন পাথর গড়িয়ে কান্না ঝরে। দুই চোখের কোণে নামে জল। তাঁর জীবনটা এমনই যে, বেদনার মধ্যেও নানা মজার কথার ভিড়। দুজনের ডাক নাম আঁখি-পাখি হওয়ায় এক সময় শ্যুটিং অঙ্গনে কত মজা করতেন অনেকে। যেটি বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠানেও আলোচ্যসূচি হয়ে এসেছিল একবার।নামে যেমন, কাজেও তেমন। সাফ গেমসে ফিরোজ সোনা জিতেছেন। ১৯৯৯ কাঠমান্ডু সাফে ১০ মিটার এয়ার রাইফেলে, ফিরোজ শেষ শটে দ্বিতীয়। লাভলীরও সাফে দলীয় সোনা আছে। ২০০১ সালে পেয়েছিলেন সেরা শ্যুটারের পুরস্কার। তবে লাভলীর চেয়ে পাখির আন্তর্জাতিক সাফল্য ছিল বেশি। সেসব এখন কেবলই দীর্ঘশ্বাস!এই দীর্ঘশ্বাস বেড়ে যায় ছোট্ট পুষ্পিতার কথা এলেই। শ্যুটিং রেঞ্জে নিয়ে আসতেন পুষ্পিতাকে। টুকটুক করে সে রেঞ্জে হাঁটত। এখন সেই রেঞ্জে মেয়ের পায়ের শব্দ শোনেন, ‘এই বুঝি পুষ্পিতা হেঁটে যাচ্ছ, প্রতিটি ক্ষণে তা টের পাই।’ বাসায় ফিরলে মেয়ের অস্তিত্ব মায়ের বুকে শেল হয়ে বেঁধে। ফিরে ফিরে আসে স্বামীর স্মৃতি। সেটিকেই আঁকড়ে থাকতে চান আজীবন। নতুন জীবন শুরু করবেন না ঠিক করেছেন। ‘শ্যুটিং রেঞ্জে এলেই আমি পাখিকে দেখতে পাই। এখানেই বাকি জীবন পার করব ভাবছি’—লাভলীর চোখ আবার ভিজে আসে। নিজেই বলেন, ১০ বছরের সাধনার পর কোলজুড়ে আসা আদরের মেয়েটি বেঁচে থাকলে তবু তাকে অবলম্বন করতে বাঁচতেন। কিন্তু বিধাতা সেই সুযোগটুকুও তো রাখল না!তবে সান্ত্বনা পান এই ভেবে, পারিপার্শ্বিক জগৎটা স্নেহশীল হাত সরিয়ে নেয়নি। বাবা-মা নেই, বাকি সবার ভালোবাসা তো আছে। ফিরোজের বড় ভাইয়েরা নিয়মিত খোঁজ নেন, পাশে দাঁড়িয়ে দিচ্ছেন সাহস। অব্যক্ত বেদনার মধ্যে যা একটুখানি সুখের পরশ দেয় তাঁকে।সুখ! লাভলী কষ্টের হাসি হাসেন, ‘আমার জীবনের সব সুখ মরে গেছে।’ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আবার নতুন করে মাথা তোলার প্রতিজ্ঞা ঠিকরে বোরোয় চোখমুখে। এখন নতুন শ্যুটার তৈরি করেই জীবনের আনন্দ খুঁজতে চান। ফিরোজ যে ক্লাবের কোচ ছিলেন, সেই আর্মি শ্যুটিং ক্লাবের কোচের চাকরি স্থায়ী হয়েছে লাভলীরও। নিস্তরঙ্গ এই জীবনে যেটি তাঁর এগিয়ে চলার অন্যতম পাথেয়।কোচিং-জীবনে আসছে সাফল্যও। বোনের মেয়ে কানিজ চৌধুরীকে পিস্তল শ্যুটিংয়ে এনেছেন। এবারের বাংলাদেশ গেমসে কানিজ সোনা জিতে কোচকে গর্বিত করেছেন। এই গেমসে আর্মি শ্যুটিং ক্লাব পিস্তলের পাঁচ সোনার সব কটিই জিতে নিয়েছে লাভলীর অধীনে। সব হারানোর মধ্যে এ যেন এক টুকরো আনন্দের উপলক্ষ। তাই স্বামীহারা সংগ্রামের এই জীবনকে আলিঙ্গন করতে পারছেন হাসিমুখেই। ২০০৯ সালে ফিনল্যান্ডে করে আসা শ্যুটিংয়ের কোচিং কোর্সটা পেশাদারি জীবনের একটা প্রাপ্তি। ফিরোজই তাঁকে নিয়ে যান ফিনল্যান্ড, ঘুরিয়ে আনেন সুইজারল্যান্ডসহ অনেকে দেশে। নিজ খরচে দুজনে কোচিং কোর্স করেন সেবার। লাভলীর ধারণা, ‘পাখি হয়তো জানত সে চলে যাবে। তাই আমাকে কোচিং কোর্সটা করিয়েছিল।’কাকতালীয় মনে হতে পারে। কিন্তু লাভলী তো এর প্রমাণ পেয়েছেন! রিক্ত এক নারীর আবার উঠে দাঁড়ানোর এই গল্প যেন জীবনেরই জয়গান গাইছে।