শ্যুটিং আশার সমাধি
তুঘলোকাবাদে দুই দিন আগে দুপুরে নামাজ পড়তে রাস্তায় বেরিয়েছিলেন শ্যুটার আসিফ হোসেন। কিন্তু মসজিদ ভেবে যেখানে যান, সেটি এক কবরস্থান। বাংলাদেশ শ্যুটিং দলের গায়ে কাল যেন কবরস্থানেরই বাতাস লাগল। গহিন বন-জঙ্গল পেরিয়ে কবরস্থান খোঁজার দরকার নেই। বাংলাদেশের কাছে ড. কারনি সিং শ্যুটিং রেঞ্জ হয়ে উঠল এরই প্রতিচ্ছবি। প্রত্যাশার বেলুন ফোলানো মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগের পর কাল ব্যক্তিগত বিভাগেও লাল-সবুজের ভরাডুবি। শ্যুটিং দল বুঝল, প্রতিযোগিতার মঞ্চটা এখন অনেক কঠিন। অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন দেখেন শারমিন আক্তার (রত্না), কিন্তু কমনওয়েলথ গেমসের এই মঞ্চে ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগতভাবেও কিছু করতে পারেননি—৮ জনে সপ্তম! কিশোরী সাদিয়াই বরং ভালো করেছেন। অনেক পেছনে থেকেও শ্যুট-অফে সবার চেয়ে তাঁর স্কোরই বেশি। শারমিনকে টপকে হয়ে গেছেন ষষ্ঠ।ভারত ব্যক্তিগত বিভাগে পদকই পায়নি। সোমা সিদ্ধার্থ চতুর্থ। পঞ্চম কবিতা যাদব। গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন সিঙ্গাপুরের জেসমিন সার জিয়াং উই। রুপা-ব্রোঞ্জের মালিক মালয়েশিয়ার হালিম নূর আইওনি এবং তাইবে নূর সুয়ানি।লড়াই যতটা না লক্ষ্যভেদের ততটাই স্নায়ুর। নিজেকে শক্ত রাখার পরীক্ষা। তারই প্রথম ধাপে ১৮ জনের মধ্যে বাছাই প্রথম (৪০ শটে ৪০০ স্কোর) হয়েছেন জেসমিন। আগের দিন করেছিলেন ৩৯৮, কাল তাঁর স্কোর দুই বেশি। হালিম নূর ৩৯৬, তাইবে ৩৯৫। ২০০৪ সালে ৪০০-তে ৪০০ করার রেকর্ডধারী সোমা ৩৯৪ (আগের দিন ৩৯৭) করে বাছাইয়ে চতুর্থ। পঞ্চম হয়ে ফাইনালে ওঠা শারমিনের স্কোর আগের দিনের সমান ৩৯৪।সাদিয়ার স্কোর এক বেড়ে ৩৯১। অবস্থান সপ্তম। কিন্তু সমান স্কোর ছিল ওয়েলস ও সাইপ্রাসের দুই শ্যুটারের। এই তিনজনের মধ্যে দুজনকে ফাইনালের জন্য বাছতে ৫ শটের আলাদা পরীক্ষায় সাদিয়াই প্রথম। সপ্তম হয়েই তাঁর ফাইনালে ওঠা। ফাইনালে ৩-৪ স্কোর পেছন থেকে পদক জেতা খুবই সম্ভব। আসিফ ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে বিন্দ্রার চেয়ে ৩ পিছিয়ে পঞ্চম স্থানে থেকেও শ্যুট-অফে ভালো করে সোনা জিতেছিলেন। শারমিনের তা জানাই ছিল। কিন্তু বাংলাদেশকে স্বপ্ন দেখানো এই তরুণীকে সেই সুযোগ দেননি অন্যরা। শারমিনই উল্টো খারাপ করেছেন শ্যুট-অফে (৯.৪, ৯.২, ১০.৭, ১০.৪, ১০.০, ১০.৩, ৯.৭, ১০.৫, ১০.৩ ও ৯.৮=১০০.৭)। সাদিয়ার স্কোর (১০.৮, ১০,৩, ১০.৪, ১০.৫, ১০.৮, ১০.৪, ৯.৬, ১০.৩, ১০.৩, ১০.৭=১০৪.১)। চূড়ান্ত স্কোর সাদিয়া ৪৯৫.১, শারমিন ৪৯৪.৭, সোনাজয়ী জেসমিন ৫০১.৭।প্রতিযোগিতা শেষে শারমিন স্বদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল অনেকের। পরে অবশ্য বাইরে এসে ‘কেন এমন হয়েছে তা আমি জানি না’ বলে হতাশাই প্রকাশ করেছেন বারবার।সাদিয়া ছিলেন নার্ভাস, ‘বাছাইয়ে নার্ভাস লাগছিল। দ্বিতীয় সিরিজে ৪ পয়েন্ট নষ্ট করেছি। আগের দিনের ব্যর্থতাটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই চাপেই খারাপ হয়েছে।’উচ্ছ্বসিত সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ে ব্যবসা অনুষদে পড়া সোনাজয়ী জেসমিন, ‘এই পদক আমি সব সিঙ্গাপুরিয়ানকে উৎসর্গ করছি।’শারমিনও পদক উৎসর্গ করতে চেয়েছিলেন দেশবাসীকে। কিন্তু পারেননি। মামলায় জর্জরিত শ্যুটিংয়ে কোনো কোচ পর্যন্ত নেই। তবু আসিফ এবং আবদুল্লাহ হেল বাকি একটা ব্রোঞ্জ দিয়েছেন। পুরুষ ১০ মিটার এয়ার রাইফেলের দলগতে আসা সেই পদকই বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। ওতে লজ্জা ঢাকা যাবে না। অবশ্য লজ্জা-টজ্জা নিয়ে কেউ ভাবলে তো!