শ্যুটিং ছেড়ে স্বপ্নের দেশে
শ্যুটিং অঙ্গনে একটা শূন্যতা নেমে আসছে। এরই মধ্যে দুজন কোচ দেশ ছেড়ে বসত গড়েছেন স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে। ওই পথে হাঁটার অপেক্ষায় আছেন আরও দু-একজন কোচ।
সম্প্রতি পাঁচ বছরের ভিসা নিয়ে পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে গেছেন কোচ শোয়েবুজ্জামান। তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ক্ষোভ-দুঃখেই এভাবে চলে যাওয়া শোয়েবের।
অল্প বয়সেই খেলা ছেড়ে কোচ হয়েছিলেন। ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে জাতীয় দলের কোচও ছিলেন বেশ কিছুদিন। গত অলিম্পিকের আগে লন্ডনে শারমিন আক্তার রত্নার কোচ ছিলেন তিনিই। জাতীয় দলের শ্যুটাররা শোয়েবের ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর শোয়েবকে আর কোচ হিসেবে রাখা হয়নি।
যুক্তরাষ্ট্রে যাওয়া অন্যজন হলেন, দেশের শ্যুটিং ইতিহাসের বড় একটা নাম সাবরিনা সুলতানা। কিছুদিন আগেই খেলা ছেড়েছিলেন। ইচ্ছে ছিল কোচ হবেন। তাঁর স্বামী আরেক নামী শ্যুটার সাইফুল আলম রিংকিও কোচিং নিয়ে থাকবেন বলতেন সব সময়। কোচিং করিয়েছেনও অনেক দিন। এখন শ্যুটিং ছেড়ে তাঁরা দুজনই দূরে। সেটিও শ্যুটিংয়ের প্রতি অনেকটা বীতশ্রদ্ধ হয়েই। শুধু কি তাই? শ্যুটিং কোচদের কাজ করার সুযোগ কমে এসেছে, ক্ষমতায় থাকা কর্তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এখানে অনেক বড়।
যুক্তরাষ্ট্রে সাবরিনার সঙ্গে যোগাযোগ আছে এমন একজন জানিয়েছেন, কিছুদিন পর দ্বিতীয় সন্তানের মা হবেন অনেক আন্তর্জাতিক সাফল্য পাওয়া সাবেক এই শ্যুটার। ওই সন্তান যুক্তরাষ্ট্রেই ভূমিষ্ঠ হোক, এটা চান সাইফুল-সাবরিনা দম্পতি। তাঁরাও পাঁচ বছরের ভিসা নিয়ে গেছেন, কাজেই যুক্তরাষ্ট্রেই থাকার কথা এই পরিবারের। দ্বিতীয় সন্তান হওয়ার পর সাবরিনা দেশে আসতে পারেন, সেটি হয়তো বেড়াতেই। সব দেশে শুনে শ্যুটিং অঙ্গনের অনেকেই বলছেন, সাবরিনা-সাইফুলের আশা করে আর লাভ নেই। দেশে ফিরে শ্যুটিংয়ে জন্য কাজ করবেন, এই উদ্দেশ্য নিয়ে নিশ্চয়ই তাঁরা যুক্তরাষ্ট্রে যাননি!
শ্যুটারদের এখন তাহলে কোচিং করাবেন কে? এ বছর কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস সামনে রেখে ১০ জানুয়ারি ক্যাম্প যে শুরু করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), তাতে আছে শ্যুটিংও। কিন্তু কোচিংটা ঠিকঠাক চলছে কি না, সেটি একটা প্রশ্ন। শ্যুটাররা এসব নিয়ে মুখ খোলেন না ফেডারেশনের নিষেধ আছে বলে। কিন্তু তাঁরা হতাশ।
বিওএর শ্যুটিং ক্যাম্পে স্থানীয় কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আনোয়ার হোসেন (ইকবাল)। এর আগে বিকেএসপিতে কাজ করে যাওয়া দক্ষিণ কেরিয়ান কোচ লি কে নিয়ে আসা হচ্ছে ১৫ জানুয়ারি। আপাতত কাজ না হয় চালিয়ে নেওয়া হলো। কিন্তু সাবরিনা-শোয়েবদের শূন্যতা তাতে সহজে ঘুচবে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্যুটার বললেন, ‘শোয়েব ভাই চলে গিয়ে একটা শিক্ষাই দিয়ে গেল ফেডারেশনকে। সাবরিনা আপাও চলে যাওয়া শ্যুটিংয়ের জন্য বড় ক্ষতি।’
শ্যুটিং-সংশ্লিষ্টরা বলছেন, দেশে কোচ তৈরি করতে না পারলে এবং কোচদের মূল্যায়ন না হলে শ্যুটিং আরও নিচের দিকে যাবে।