শ্যুটিং দলকে লন্ডন পাঠাবে বিওএ
বড় ভাগ্য বাংলাদেশ শ্যুটিং দলের! আগামী বছর লন্ডন অলিম্পিকের আগে লন্ডনেই প্রশিক্ষণের সুযোগ পাবেন শ্যুটাররা। এটাই হওয়া উচিত, কিন্তু বাংলাদেশের যে ক্রীড়াসংস্কৃতি, তাতে বড় গেমসের আগে প্রশিক্ষণের জন্য খেলোয়াড়দের বিদেশে পাঠানোর চর্চা নেই বললেই চলে। তবে এবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এই ধারাটা শুরু করতে যাচ্ছে।বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ কাল জানিয়েছেন, ‘আমরা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে চারজন শ্যুটার (তিনজন মেয়ে, একজন ছেলে) ও একজন কোচকে উচ্চতর প্রশিক্ষণের জন্য লন্ডনে পাঠাব। সবকিছু চূড়ান্ত। ৮৫ হাজার পাউন্ড খরচ হবে। এর মধ্যে লন্ডন অলিম্পিক আয়োজকেরা দিতে চেয়েছে ২৫ হাজার পাউন্ড, লন্ডনের টাওয়ার হ্যামলেটের মেয়র ১০ হাজার পাউন্ড দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বাকিটা বিওএ ব্যবস্থা করবে।’আগামী জুলাই-আগস্টে হবে ২০১২ লন্ডন অলিম্পিক। এই গেমসে ভালো করার জন্য শ্যুটিং দলকে সব রকম সহযোগিতা দিতে চায় বিওএ। একই সঙ্গে তিরন্দাজদেরও লন্ডনে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা চলছে।