শ্যুটিং ফেডারেশনের নতুন নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের (আইএসএসএফ) নামেই পরিচিত শ্যুটিংয়ের বিশ্ব সংস্থা। তবে সব দেশের শ্যুটিং ফেডারেশনের নামের সঙ্গে ‘স্পোর্টস’ শব্দটা নেই। কোথাও এটি ফেডারেশন, কোথাও অ্যাসোসিয়েশন, কোথাও রাইফেল সংস্থা ইত্যাদি। পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানে শ্যুটিং ফেডারেশনের নাম একই রকম। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ভারত এবং ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব পাকিস্তান। তবে বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন নামটা নিয়ে সাধারণ মানুষের ভিন্ন ধারণাও আছে। শ্যুটিং ফেডারেশনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেকে জিজ্ঞাসা করেন, ‘ভাই, এখানে কি সিনেমার শ্যুটিং হয়?’
সেই বিব্রতকর অবস্থা এড়াতে পাশাপাশি আইএসএসএফের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের নামের সঙ্গে সংযোজন হয়েছে ‘স্পোর্টস’ শব্দটা। বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের নামটা এখন থেকে ‘বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন’। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে শ্যুটিং ফেডারেশন এই সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর করেছে। টাঙানো হয়েছে নতুন সাইনবোর্ডও।

বাংলাদেশ পেছাল আট ধাপ
ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ পেছাল বাংলাদেশ। কাল প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে মামুনুলদের অবস্থান ১৬৪তম। আফগানিস্তান ১১ ধাপ পেছালেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে তারাই (১৪০)। ভারত (১৫৪) ও মালদ্বীপও (১৬৩) আছে বাংলাদেশের ওপরে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই—স্পেন যথারীতি শীর্ষে। পরের চারটি স্থানে জার্মানি, আর্জেন্টিনা, কলম্বিয়া ও পর্তুগাল। ওয়েবসাইট।

বিশ্ব যুব দাবা
সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়েছে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। দ্বিতীয় রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ রাশিয়ার ফিদে মাস্টার তার-সাকিয়ান গ্রিগরি।—ক্রীড়া প্রতিবেদক