শ্যুটিংই আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অন্তত একটা ব্যাপারে বাংলাদেশ সব সময় শুরুর দিকেই থাকে—মার্চ পাস্টে। কিন্তু পদক তালিকায় দেখা যায় ঠিক উল্টো চিত্র।

গ্লাসগোতে এবারের ২০তম কমন​ওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই একইভাবে টেলিভিশন ক্যামেরা খুঁজে নিল বাংলাদেশকে। কিন্তু টিভি পর্দায় যত না খেলোয়াড়, তার চেয়েও বেশি দেখা গেল কর্মকর্তাদের উচ্ছ্বাস। কপালে বিশাল আকারের বাংলাদেশের মানচিত্র এঁকে, চুইংগাম চিবোতে চিবোতে হাত দোলাতে দেখা গেল সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুলকে। এক দিন পরই মাঠের খেলায় ভূপাতিত সাইক্লিস্টরা!

পুরুষ সাইক্লিংয়ে (স্প্রিন্ট) বাংলাদেশের দুই প্রতিযোগী ইফতেখার আলম ২৮ জনের মধ্যে হলেন ২৭তম, ২৮তম তারিকুল ইসলাম। চাইলে এই ফলটাকে প্রতীকীও ধরা যাবে। যুগ যুগ ধরে এই বাস্তবতা মেনে নিয়েই কমনওয়েলথ, এশিয়ান, অলিম্পিকের মতো বড় বড় আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ।

কমনওয়েলথ গেমসের ১৭টি ডিসিপ্লিনের মধ্যে এবার বাংলাদেশ খেলছে ১০টিতে—শ্যুটিং, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন, সাঁতার, অ্যাথলেটিকস, সাইক্লিং, কুস্তি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও বক্সিং। মোট খেলোয়াড় ৩০ জন। অন্যবারের চেয়ে এবার দল বেড়েছে। কিন্তু আশা বাড়েনি। বাস্তবতা হলো শ্যুটিংয়ের বাইরে আর কোনো খেলা নিয়েই কর্মকর্তারা কোনো আশা দেখছেন না। এরই মধ্যে আবদুল্লাহ হেল বাকি পরশু ১০ মিটার এয়াররাইফেলে রুপা জিতে আশার পালে কিছুটা হলেও হাওয়া দিয়েছেন। ​কাল মেয়েদের ১০ মিটার এয়াররাইফেলেও সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ। কিন্তু শা​রমিন আক্তার রত্না সেই আশার গুড়ে বালি ঢেলে হয়েছেন ষষ্ঠ। তাঁর স্কোর ১২২। ২০৬.৭ স্কোর করে ভারতের অপুর্বি চান্দেলা জিতেছেন সোনা।

কমনওয়েলভুক্ত দেশগুলোর এই গেমসে বাংলাদেশ প্রথম অংশ নেয় ১৯৭৮ সালে। পরের দুই আসরে যায়নি। এরপর ১৯৯০ সালে অকল্যান্ড গেমসে ফিরেই শ্যুটিংয়ে সোনা এল। আতিকুর রহমান ও আবদুস সাত্তার (নিনি) বাংলাদেশকে উপহার দেন প্রথম সোনার পদক। শ্যুটিং থেকেই দ্বিতীয় সোনা ২০০২ সালে ম্যানচেস্টার গেমস থেকে। বিকেএসপির সে সময়ের তরুণ শ্যুটার আসিফ হোসেন খান ১০ মিটার এয়াররাইফেলে সোনা জিতে পাদপ্রদীপের আলোয় আসেন। এরপর ২০০৬ মেলবোর্ন এবং ২০১০ দিল্লি গেমসেও পদক তালিকায় বাংলাদেশের নাম রাখে শ্যুটিং। মেলবোর্নে রুপা এবং দিল্লিতে ব্রোঞ্জ জেতেন শ্যুটাররা।

শ্যুটিং ছাড়া বক্সিং নিয়েও প্রত্যাশা করছেন কর্মকর্তারা। বক্সার আল আমিন, সুর কৃষ্ণ চাকমা ও আরিফ হোসেনের প্রস্তুতি নিয়ে অবশ্য সন্তুষ্ট সবাই। সাঁতারে দীর্ঘমেয়াদি কোনো প্রশিক্ষণ নেই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকেও কোনো ক্যাম্পের উদ্যোগও নেওয়া হয় না। গেমস শুরুর আগে তাড়াহুড়ো করে দেশি কোচের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন মাহফিজুর রহমান ও মাহফুজা খাতুন। ফলে বড় মঞ্চে গিয়ে যা হওয়ার সেটাই হয়েছে—হিটেই বাদ। আগের দিন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা হয়েছেন ৩৫ জনের মধ্যে ২৬তম। কাল ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলের হিটেই বাদ পড়েছেন মাহফিজুর, সময় নেন তিনি ৫২.৯৭ সেকেন্ড।

টেবিল টেনিসের দলগত গ্রুপপর্বেই বাদ পড়েছেন বাংলাদেশের মাহবুব বিল্লাহ, মানস চৌধুরী ও মোহা​ম্মদ জাভেদ। ভারোত্তোলনে গত পরশু মোল্লা সাবিরা সুলতানা নিজের সেরা পারফরম্যান্স করেছেন ৬৮ কেজি তুলে। কাল মেয়েদের ৫৮ কেজিতে ১৫ জনের মধ্যে ১১তম হয়েছেন ফাহিমা আক্তার। আজ অ্যাথলেটিকস ও বক্সিংয়ের রিংয়ে নামবেন বাংলাদেশের খেলোয়াড়েরা। জিমন্যাস্টিকসে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি কাজী সাইক সিজারের ইভেন্ট আগামীকাল। লন্ডন অলিম্পিকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, এবার দেখার বিষয় গ্লাসগোতে কেমন করেন। এর বাইরে কুস্তি আর ব্যাডমিন্টন নিয়েও আশার আলো নেই বাংলাদেশের।