একটা সময় শ্যুটিংয়ে উন্নতিরেখাটা ছিল স্পষ্ট। কিন্তু এখন সেটিকে ধূসর বলার সময় হয়তো এসে গেছে। প্রতিশ্রুতিশীল তরুণ শ্যুটাররা প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারছেন না। এবারের এশিয়ান যুব গেমসে বাংলাদেশের চার তরুণ শ্যুটারের অবস্থান আগের প্রতিযোগিতার চেয়ে খারাপ।
২০০৯ সালে সিঙ্গাপুরে প্রথম এশিয়ান যুব গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সাদিয়া সুলতানা ৪০০-তে স্কোর করেছিলেন ৩৯২। ফাইনালে উঠে ৩৩ জনের মধ্যে হয়েছিলেন সপ্তম। তৃপ্তি দত্ত ৩৮২ করেও ২৫তম হয়েছিলেন। সেবার একই ইভেন্টে ছেলেদের বিভাগে শোভন চৌধুরী নবম এবং মাহমুদুল হাসান ১৩তম স্থান পেয়েছিলেন।
চার বছর পর আরেকটি এশিয়ান যুব গেমসে এবার সাভার সেনা শ্যুটিংয়ের শারমিন আক্তার ৩৯ জনের মধ্যে ৩২তম হয়েছেন। ১০ মিটার এয়ার রাইফেলে নতুন পদ্ধতির ৪৩৬ স্কোরের মধ্যে করেছেন ৩৯৩.২। শারমিন আক্তার জুনিয়রের স্কোর ৩৯৬ (২৭তম)। ছেলেদের বিভাগে ৬৫৪ পয়েন্টের মধ্যে রিয়াসালাতুল ইসলাম ৬১১ করে ৩৭ জনের মধ্যে দ্বাদশ হয়েছেন। সতীর্থ হাসানুল বান্নার স্কোর ৬০৫, স্থান ২১তম। চারজনের মধ্যে রিয়াসালাতুলই যা একটু ভালো করেছেন।
শেষের তিনজনই বিকেএসপির। সবারই জানা যে বিকেএসপির শ্যুটিং-সুবিধা আধুনিক। কাজেই বিকেএসপির শ্যুটারদের কাছে আরও ভালো কিছুই তো শ্যুটিং অঙ্গনের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশার পালে জোর হাওয়া লাগছে না। আন্তর্জাতিক শ্যুটিংয়ের দুনিয়াটা বাংলাদেশের নবীন শ্যুটারদের খুবই কঠিন ঠেকছে।
স্মরণ করা যেতে পারে, সর্বশেষ ২০১১ সালে চতুর্থ এশিয়ান জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই শ্যুটার পদকের প্রায় কাছাকাছি গিয়েছিলেন। বাছাইয়ে সাদিয়া সুলতানা ও তৃপ্তি দত্ত প্রথম ও দ্বিতীয় হয়েছিলেন। পদক হাতছাড়া হয় একটা ভুলের কারণে।
ভুলটাও বেশ মজার। বাছাই শেষে ফাইনালের একটা নির্দিষ্ট সময় আগে রেঞ্জে আসতে হয়। নতুন নিয়ম না জানায় বাংলাদেশের শ্যুটাররা রেঞ্জে যান দেরি করে। এতে তাঁদের দুই করে স্কোর কেটে নেয় টুর্নামেন্ট কমিটি। সেটিরই মাশুল গুনে ফাইনালে তৃপ্তি চতুর্থ ও সাদিয়া পঞ্চম হন।
দুই বছর আগে পদকের হাতছানি দেখেছে বাংলাদেশ। হোক সেটি ভিন্ন প্রতিযোগিতায় এবং ভিন্ন খেলোয়াড়, যাঁরা তুলনামূলকভাবে অভিজ্ঞ ছিলেন এই নবীনদের চেয়ে। কিন্তু এবার এশিয়ান যুব গেমসে ৩২তম, ২৭তম, ২১তম স্থান পাওয়া তো শ্যুটিংয়ে পেছানোর বার্তাই দেয়।
শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ স্বীকার করেছেন, ‘মেয়েরা একটু খারাপই করেছে।’ এর পেছনে তাঁর একটা ব্যাখ্যাও আছে, ‘মেয়েরা চীনে গিয়ে খাওয়া-দাওয়া করতে পারেনি। চীনা খাবার নাকি গন্ধ লেগেছে।’
ইন্তেখাবুলের দাবি, ছেলেরা তুলনামূলক ভালো করেছে। এও দাবি করেছেন, ‘আগেরবারের সঙ্গে এবারের তুলনা করলে হবে না। এবারের শ্যুটাররা ছিল অনভিজ্ঞ। এটা ওদের প্রথম বিদেশ সফর। আস্তে আস্তে অভিজ্ঞ হলে ভালো করবে।’
অভিজ্ঞতার বিকল্প নেই সত্যি। কিন্তু তার পরও বিকেএসপির মেয়ে শ্যুটাররা ভালো অনুশীলন করে নানজিং গিয়ে এতটা খারাপ করবে কেন? ভাবার বিষয়ই বটে।