শ্যুটিংয়ে আরেকটি ম্যাড়মেড়ে দিন
গুলশান শ্যুটিং রেঞ্জে ২৬তম আইএফআইসি ব্যাংক জাতীয় শ্যুটিংয়ে দ্বিতীয় দিনেও কোনো রেকর্ড হয়নি। দুই দিনে ইভেন্ট হলো চারটি। কাল মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের আরনির আশা। এই ইভেন্টে এটি তাঁর চতুর্থ সোনা। ৫০৯-এর মধ্যে ৪৭৮ করে রেকর্ড গড়েছিলেন তিনি। এবার স্কোর ৪৭১। ঢাকা রাইফেল ক্লাবের অন্তরা ইসলাম (৪৫২.৭) দ্বিতীয় ও একই দলের মিতি দেওয়ান তৃতীয় হয়েছেন। এক মৌসুম পর পুরুষ ৫০ মিটার থ্রি পজিশনে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার (চন্দন)। ইভেন্টটিতে একসময় সেরা ছিলেন সাইফুল আলম রিংকি। তারপর তৌফিক প্রথম হয়ে আসছিলেন। গতবার প্রথম হওয়া আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের রমজান আলীকে এবার দ্বিতীয় স্থানে ঠেলে তৌফিক সোনা জিতেছেন। দুজনের স্কোর ১১৩৩ ও ১১৩১। ১১০৩ স্কোর করে তৃতীয় আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন।