শ্যুটিংয়ে নতুন অশনিসংকেত
শ্যুটিং নিয়ে কত আশা। অথচ সেই শ্যুটিংয়েই পুরুষ শ্যুটারদের স্কোর দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষ শ্যুটারদের দৈন্যদশা শ্যুটিংয়ের জন্য নতুন অশনিসংকেত।আগামী জানুয়ারিতে কাতারে অনুষ্ঠেয় ১২তম এশিয়ান শ্যুটিংয়ে তাই বাংলাদেশ পুরুষ শ্যুটার দল না-ও পাঠানো হতে পারে। ফেডারেশন কর্তারা এত খারাপ স্কোর নিয়ে ছেলেদের পাঠানোর বিপক্ষে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফেডারেশনের পরের সভায়।চার মাসের প্রশিক্ষণ ক্যাম্পে শ্যুটারদের তৃতীয় ও শেষ ট্রায়ালটি হয়েছে গত পরশু। তাতে দেখা যায়, পুরুষ শ্যুটাররা আন্তর্জাতিক মানের স্কোর থেকে হাজার মাইল পেছনে। তরুণ আবদুল্লাহেল বাকি ১০ মিটার এয়ার রাইফেলের ট্রায়ালে ৬০০-তে ৫৯৬ পর্যন্ত স্কোর করেছিলেন। কিন্তু গত তিনটি ট্রায়ালে তাঁর স্কোর ৫৮৬, ৫৮৪ ও ৫৯২। অনেক আগেই কক্ষচ্যুত হয়ে পড়া আসিফ হোসেন খানের স্কোর আরও খারাপ। ট্রায়ালে তাঁর স্কোর ৫৮৩, ৫৮৪ ও ৫৮৬। তরুণ জসিমুজ্জামানের স্কোর ৫৭৬, ৫৮৪ ও ৫৮৭। ১০ মিটার এয়ার রাইফেলে ৬০০-তে ৬০০ হয়। ৫৯৫-৯৬ না করতে পারলে টিকে থাকা যাবে না। বাংলাদেশের পুরুষ শ্যুটারদের বর্তমান স্কোর এখন পাড়ামহল্লার টুর্নামেন্টের উপযোগীও নয়। কমনওয়েলথ, এসএ গেমস ও সাফ শ্যুটিংয়ে সোনাজয়ী আসিফ এখন আর স্কোর দিয়ে আলোচনায় আসেন না। বিকেএসপিতে চাকরি নিয়েছেন। এ জন্য তাঁকে ক্যাম্প থেকে বহিষ্কার করা হয়েছিল সম্প্রতি। অতঃপর ট্রায়াল দেওয়ার সুযোগ পেয়ে বোঝালেন, তাঁকে নিয়ে আর বড় কিছুর আশা না করাই ভালো।মেয়েদের ১০ মিটারে অবশ্য ট্রায়াল স্কোরটা তুলনামূলক ভালোই। যদিও ঘরের ভালো স্কোর করে ঘরের বাইরের গিয়ে এই মেয়েরা ভেঙে পড়ে। স্বাভাবিক স্কোরটা বেশির ভাগ সময়ই হয় না। তাদের সাফল্যক্ষুধাও মরে গেছে।তার পরও ট্রায়ালের মেয়েদের এয়ার রাইফেলে স্কোর মোটামুটি আন্তর্জাতিক মানেরই। তিনটি ট্রায়ালে শারমিন আক্তা রত্নার স্কোর ৪০০-তে ৩৯৩, ৩৯৪ ও ৩৯৬। শারমিন আক্তারের ৩৮৯, ৩৯৪, ৩৯৭। তৃপ্তি দত্তের ৩৯০, ৩৯১ ও ৩৯৭। সাদিয়া সুলতানার ৩৯০, ৩৮৬ ও ৩৯৩। প্রথম তিনজনকে পাঠানো হতে পারে এশিয়ান শ্যুটিংয়ে।শ্যুটিংয়ে বিদেশি কোচ নেই। স্থানীয় কোচ বলতে গেলে একজন। ফেডারেশন ব্যর্থ হয়েছে শ্যুটারদের পুরুষ ১০ মিটারের শ্যুটারদের উন্নতির পথে নিতে। যোগাযোগ করা হলে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ফোন ধরেননি। কোচ শোয়েবুজ্জামান বলেছেন, ‘ছেলেদের বিভাগে নতুন শ্যুটার দরকার। বর্তমান শ্যুটাররা নানা সমস্যায় ভুগছে।’