শ্যুটিংয়ে নতুন নায়ক রাব্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাছাই শেষ করে এমন দিনেও দিব্যি ইতিউতি নির্ভার ঘুরে বেড়াচ্ছেন আসিফ হোসেন খান। ৬০০-তে নিজের সেরা ৫৯৬, কাল তা নেমে খাদের কিনারে, ৫৭৬। এই জঘন্য স্কোর নিয়ে বাছাইয়েই বিদায়, আসিফের চেয়ে মাত্র ৬ বেশি করে অষ্টম হয়ে কোনো রকমে সেরা আটে ঠাঁই পেলেন যিনি, শ্যুটিংয়ে তাঁর আগমনই এই সেদিন। কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতা বিস্ময়করভাবে ১৭ বছরের রাব্বি হাসানকে পরিয়ে দিয়েছে বাংলাদেশ গেমসের ১০ মিটার এয়ার রাইফেলের শ্রেষ্ঠত্বের মালা।১০ মিটার এয়ার রাইফেল বাংলাদেশের গর্বের ইভেন্ট, যেটিতে কমনওয়েলথ গেমস বিজয়ী আসিফ। সেই আসিফ ঘরোয়া কোনো প্রতিযোগিতায় এই প্রথম উঠতে পারেননি সেরা আটে, বাছাইয়ে ৪৮ জন শ্যুটারের মধ্যে হয়েছেন দশম। বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকতাহীন আসিফ সর্বশেষ এয়ারগান শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৫৮৯ করে।১০ মিটারের নিয়ম বদলে গেছে। তাই বাছাইয়ে সর্বোচ্চ ৫৯৪ করেও উন্মুক্ত ফাইনালে কাটা পড়লেন এই সময়ে ১০ মিটারে দেশসেরা শ্যুটার আবদুল্লাহেল বাকি। বছর তিনেক আগে শ্যুটিং শুরু করা অখ্যাত রাব্বির নিখুঁত নিশানার কাছে ফাইনালে পরাস্ত তাঁর অভিজ্ঞতা।বাছাইয়ের প্রথম আটজন চূড়ান্ত পর্বে গিয়ে শুরু করেন শূন্য থেকে। এরপর ১০.৯ স্কোরের শট শুরু। প্রথম আট শটের স্কোর যোগ করে একজন বাদ। তারপর দুটি করে শটে একজন করে বিদায়। এভাবে তীব্র এবং আকর্ষণীয় লড়াইয়ের পর ২০ শটে বিজয়ী নির্ধারণ। টাঙ্গাইলের ছেলে রাব্বির চূড়ান্ত স্কোর ২০৪.১, দ্বিতীয় স্থানে বাকির স্কোর ২০৩.৬। তৃতীয় হয়েছেন কুমিল্লা রাইফেল ক্লাবের মাহমুদুল হাসান।নতুন মুখ পাওয়া গেল, কিন্তু বাছাইয়ে রাব্বির ৫৮২ স্কোর এই যুগে পাতে তোলার মতো নয়। বিকেএসপির ছাত্রের সামনে অবশ্য সময় আছে স্কোর আরও ওপরে নেওয়ার। তাঁর কোচ আসবাব আলী ফয়েজ বেশ আশাবাদী, ‘ফাইনালে সে বরাবরই ভালো। বিকেএসপিতে সব প্রতিযোগিতাতেই সে ফাইনালে প্রথম। এখন বাছাইয়ের স্কোরটা এগিয়ে নিতে হবে, সেই সময় ওর হাতে আছে।’ওদিকে ‘ঘাড়ে ব্যথা, রাইফেল ঠিকভাবে ধরতে সমস্যা হয়েছে। এটা এমন কোনো ব্যাপারই নয়’—বলে আসিফ চেষ্টা করলেন ব্যর্থতা আড়াল করতে। কিন্তু আসিফের তলিয়ে যাওয়ার আরেকটি ইঙ্গিতবাহী দিনে শুধু রাব্বি নন, বিকেএসপির আরও কয়েকজন তরুণ এই ইভেন্টে উঠে আসার প্রত্যয় জানিয়ে গেলেন।