শ্যুটিংয়ে বালাক-টনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান জাতীয় শ্যুটিং কমপ্লেক্সের সভাকক্ষে জনা ত্রিশেক মানুষের চোখ সামনের বড় পর্দায়। সেই পর্দায় ফুটে ওঠা শ্যুটিংয়ের নানা কলাকৌশলের ওপর ভিডিওচিত্র বিশ্লেষণ করে চলেছেন এক ভদ্রলোক। শ্যুটিং কোচ হতে চাইলে এগুলো জানা খুব জরুরি। সেটি হাতে-কলমে শেখাতেই অ্যানথন বালাকের ঢাকায় আগমন। এশিয়ান শ্যুটিং কনফেডারেশনের (এএসসি) কোচিং নির্দেশককে পেয়ে বাংলাদেশের শ্যুটিং যেন নতুন উদ্দীপনা পেল!স্লোভাকিয়ার এই কোচের ছাত্র হয়ে ৫ ডিসেম্বর এএসসির ‘সি’ লাইসেন্স রাইফেল কোচেস কোর্স শুরু করেছিলেন ৩৮ জন কোচ। মিয়ানমার, ইরান, পাকিস্তান ও কুয়েত থেকে একজন করে। ইরাকের চারজন ও ভুটানের দুজন। সঙ্গে বাংলাদেশের ২৮ জন। চার দিনের কোর্স শেষ হয়েছে কাল।আক্ষরিক অর্থে শেষ হয়েছে। তবে এখান থেকেই যেন নতুন করে শুরু প্রশিক্ষণার্থীদের। সেই শুরুর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুশি বাংলাদেশের অভিজ্ঞ শ্যুটার সাবরিনা সুলতানা, ‘কোর্সটা করে রাখলাম। অনেক কিছু শেখার ছিল এখানে। এটা ভবিষ্যতে কাজে লাগবে।’ কোচিং কোর্স করে সাবরিনা কি খেলা ছেড়ে কোচ হওয়ারই আভাস দিলেন? ‘কোচিংয়ে আসার ইচ্ছে আছে বলেই কোর্সটা করলাম। কখন খেলা ছাড়ব, কখন কোচ হব, এখনই এসব নিয়ে ভাবছি না’—বললেন সাবরিনা।ভালো শ্যুটার তৈরি করতে ভালো কোচই সবচেয়ে বেশি দরকার—কথাটা নতুন করে আলোচিত হলো সবার মুখেই। কাল দুপুরের সেশন শেষে ইরাকের প্রতিনিধি আহমেদ জাবা জানালেন, ‘এখান থেকে দেশে ফিরে শ্যুটার তৈরিতে আগের চেয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করব।’এই উৎসাহটা সবচেয়ে বেশি দেখা গেল বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে। দেশে এখন কাগজে-কলমে কোচ আছেন চারজন। কিন্তু সে অর্থে কোচ একজনই। ভালো কোচের অভাবেই যে বাংলাদেশের শ্যুটিংয়ে এখন অধোগতি, তা নিয়ে সংশয় নেই কারও। এই কোর্সে অংশ নেওয়া বেশির ভাগ কোচই ক্লাব পর্যায়ের। কিছুদিন আগে ক্লাবগুলোকে রাইফেল দেওয়ার পর এখন কোচিং কোর্স করা হলো—বাংলাদেশের ক্লাব শ্যুটিংয়ে এর ইতিবাচক ফল আশা করছেন শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, ‘ভালো কোচ তৈরির বিকল্প নেই। এই কোর্সের মাধ্যমে আমরা কোচ তৈরির ক্ষেত্রে কিছুটা এগোতে পারলাম।’কোচদের কাজ কী হওয়া উচিত—কোর্সে সেটির ওপর বিস্তারিত কাজ করেছেন বালাক। শ্যুটার সংগ্রহ, বাছাই, শ্যুটারকে উদ্বুদ্ধকরণ, শ্যুটিংয়ের সময় তাঁর দাঁড়ানো, রাইফেল ধরা, লক্ষ্য ঠিক করা, প্রতিযোগিতার ঠিক আগে শ্যুটারের করণীয়, শ্যুটারের হতাশা দূর করা—এই বিষয়গুলোই ছিল মূল প্রতিপাদ্য। শ্যুটারদের হাতে-কলমে টিপস দিয়েছেন রেঞ্জে। কীভাবে একজন শ্যুটারের সর্বোচ্চ স্কোরটা বের করতে হয় দেখিয়েছেন সেটিও। যা শ্যুটারদের ভাষায়, ‘পরম পাওয়া।’কোচিং কোর্স করার পর সাবেক কৃতী শ্যুটার কাজী শাহানা পারভীন, আতিকুর রহমানদের প্রতিক্রিয়াও প্রায় একই রকম।