শ্যুটিংয়ে হতাশা ব্যাডমিন্টনেও হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান যুব গেমসে অংশ নিতে চীনে যাওয়ার আগে শ্যুটিং নিয়ে একটু বেশিই আশাবাদী ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্মকর্তারা। কিন্তু সেই শ্যুটিংয়েই সবচেয়ে বাজে ফল করেছে বাংলাদেশের দুই প্রতিযোগি শারমিন আক্তার ও শারমিন আক্তার জুনিয়র।নানজিংয়ে অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে নিজেদের সেরা স্কোরও করতে পারেননি বাংলাদেশের দুই শ্যুটার। ৩৯ জন প্রতিযোগিনীর মধ্যে বিকেএসপির শারমিন আক্তার হয়েছেন ২৭তম। ৪৩৬ পয়েন্টের মধ্যে শারমিনের স্কোর ৩৯৬। সাভার ক্যান্টনমেন্ট শ্যুটিং ক্লাবের শারমিন জুনিয়রের ফল হয়েছে আরও বাজে। ৩২তম হওয়া শারমিন জুনিয়র ৩৯৩.২ স্কোর করেছেন। শারমিনের মূল ইভেন্ট অবশ্য ৫০ মিটার প্রোন। বাংলাদেশ গেমসে এই ইভেন্টে ব্রোঞ্জজয়ী শারমিনকে একপ্রকার জোর করেই খেলানো হয়েছে ১০ মিটারে। ব্যাডমিন্টনে প্রথম দিনে জিতে আশা জাগালেও কাল বিদায় নিয়েছেন বাংলাদেশের শাটলার আইমান ইবনে জামান। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আইমানকে সরাসরি ২১-৮, ২১-৩ পয়েন্টে হারিয়েছেন জাপানের কগা এম। থ্রি অন থ্রি বাস্কেটবলের গ্রুপ পর্বে কালও হেরেছে বাংলাদেশ, ইরানের কাছে ১৬-১৫ পয়েন্টে।