শ্যুটিংয়ের নির্বাচিত কমিটি বিলুপ্ত
শ্যুটিং ফেডারেশনে নির্বাচিত কমিটি বাতিল করে গতকাল আট সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে সরকার। ফেডারেশনের বর্তমান সভাপতি মেজর জেনারেল মমিনুর রহমানকেই সভাপতি করা হয়েছে। দুজন সহসভাপতি হলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ এমাদুল হক ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আবদুস সালাম। কমিটির সম্পাদক পদে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হাইয়ুল কাইয়ুম। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন থেকে একজন করে প্রতিনিধির সঙ্গে আছেন হ্যান্ডবলের একজন কোচ, কামরুল ইসলাম (কিরণ)। এর আগে ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমানকে বসানো হয়েছে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে। নতুন অন্তর্বর্তীকালীন কমিটি কবে টেনিসে নির্বাচন দেবে কেউ জানে না।জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তার দাবি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী শ্যুটিংয়ের কমিটি বিলুপ্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব দুই মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। শুধু নির্বাচন আয়োজনের জন্য এ কমিটি করা হয়েছে। যদিও আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ ছিল। শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নির্বাচিত কমিটি বিলুপ্ত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী অ্যাডহক কমিটি হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু বিশেষ মহলের চাপে এটা করা হলো, যা একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।’