শ্রদ্ধা আছে, ভয় নেই কিউটের
‘বনের বাঘের চেয়ে বেশি খেয়েছে মনের বাঘ’—স্পেনের বিপক্ষে জার্মানির হারের কারণ নাকি এটাই। দেশের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ও সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান থেকে শুরু করে বর্তমান দলের মিরোস্লাভ ক্লোসা, বাস্তিয়ান শোয়েনস্টাইগারসহ অনেকেরই ধারণা, স্পেনকে অতিরিক্ত সমীহ করেই নিজেদের সর্বনাশ করেছে জার্মানি। একই ধারণা, ডির্ক কিউটেরও। ডাচ ফরোয়ার্ড তাই জানিয়ে দিয়েছেন, স্পেনকে তাঁরা ভয় পাচ্ছেন না।‘সবাই দেখেছে, জার্মানি স্পেনকে ভয় পেয়েছে। আক্রমণের চেষ্টাই করেনি। জার্মানির মতো খেললে আমাদেরও হারতে হবে। আমরা স্পেনকে একটুও ভয় পাচ্ছি না। আমরা আক্রমণাত্মক খেলব, তাহলেই স্পেনের দুর্বলতা বের হবে’—দ্য গার্ডিয়ানকে নিজেদের ফাইনাল পরিকল্পনার কথা জানিয়েছেন কিউট। স্পেনের পারফরম্যান্সের যেভাবে ক্রমোন্নতি হচ্ছে, এবং অপ্রতিরোধ্য মনে হওয়া জার্মানিকে তারা যেভাবে ধসিয়ে দিয়েছে, তাতে স্পেনকে আটকানো প্রায় অসম্ভব মনে করছেন অনেক বিশেষজ্ঞ। জার্মান কোচ জোয়াকিম লো তো স্পেনকে স্যালুট জানিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণাই করে দিয়েছেন। কিন্তু কিউট জানাচ্ছেন, স্পেনকে নিয়ে ভীত নন তাঁরা, ‘আমাদের দলে কোনো ভীতু ফুটবলার নেই, এমন ফুটবলারও নেই, যারা বড় কোনো শক্তির মুখোমুখি হলে নিজেদের ছোট মনে করে। স্পেনের জন্য আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে ভয় একটুও নেই।’৩২ বছর পর হল্যান্ডের ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ অবদান আছে এই কিউটের। গোল অবশ্য পেয়েছেন মোটে একটি, প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে। কোচ বার্ট ফন মারউইক তাঁকে স্ট্রাইকার হিসেবে না খেলিয়ে উইংয়ে খেলাচ্ছেন, এটা একটা কারণ হতে পারে। কিন্তু গোল না পেলেও প্রতিটি ম্যাচেই খেলেছেন দুর্দান্ত। বিশ্বকাপে কিউটের খেলা দেখে ডাচ গ্রেট ইয়োহান ক্রুইফ বলেছেন, ‘সোনার টুকরো ছেলে।’ফাইনালে জিততে পারলে এই ক্রুইফের দলকেই ছাড়িয়ে যাবে কিউটের দল। ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে উঠলেও ক্রুইফরা দলকে শিরোপা এনে দিতে পারেননি। ডাচরা হেরেছে পরের বিশ্বকাপের ফাইনালেও। পূর্বসূরিদের যথেষ্ট সম্মান দেখিয়েই কিউট বলেছেন, একটা জায়গায় এই দল অন্য ডাচ দলগুলোর চেয়ে আলাদা। তাদের সবচেয়ে বড় শক্তি হার না মানার মানসিকতা, ‘ডাচ ফুটবল সব সময়ই শক্তিশালী, প্রতিটি টুর্নামেন্টেই আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। কিন্তু এই টুর্নামেন্টে আমরা দেখিয়েছি সামর্থ্যের চেয়েও বেশি কিছু। আমরা প্রচণ্ড আত্মবিশ্বাসী, বিশ্বাস করি, যেকোনো দলকে হারানোর ক্ষমতাই আমাদের আছে। আমাদের ধৈর্য আছে। ব্রাজিলের বিপক্ষে পিছিয়ে থেকেও আমরা জিতেছি। সেমিফাইনালে উরুগুয়ে সমতা ফেরানোর পরও আমরা জিতেছি, আগে এসব ম্যাচ আমরা হারতাম।’ ওয়েবসাইট।