শ্রদ্ধা ও ভালোবাসায় ক্রোর শেষবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কফিনটা কি ভারী মনে হচ্ছে রাসেল ক্রোর? হওয়ারই কথা। কফিনটা যে চাচাতো ভাই ও প্রিয় বন্ধু মার্টিন ক্রোর। কাল অকল্যান্ডে l এএফপি
কফিনটা কি ভারী মনে হচ্ছে রাসেল ক্রোর? হওয়ারই কথা। কফিনটা যে চাচাতো ভাই ও প্রিয় বন্ধু মার্টিন ক্রোর। কাল অকল্যান্ডে l এএফপি

আগে থেকেই শুটিংয়ের দিন-তারিখ ঠিক করা ছিল। কিন্তু সেটা বাদ দিয়ে ঠিকই অকল্যান্ডে উড়ে এলেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো। চাচাতো ভাই ও বন্ধু মার্টিন ক্রোর শেষকৃত্যে তিনি থাকবেন না, তা কী করে হয়! ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনে ৩ মার্চ মার্টিন ক্রো যখন শেষনিশ্বাস ত্যাগ করেন, বড় ভাই জেফ ক্রো তখন ঢাকায়, ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন এশিয়া কাপে। কাল অকল্যান্ডের পারনেলে হলি ট্রিনিটি গির্জায় ভাইকে শেষবিদায় জানাতে গিয়ে জেফ তাই একটু বেশিই আবেগাপ্লুত। স্মৃতিচারণা করতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল।
ছিলেন মার্টিন ক্রোর স্ত্রী সাবেক মিস ইউনিভার্স লরেইন ডাউনেস ক্রো। ক্রিকেটার মার্টিন ক্রো কেমন ছিলেন, সেটা অনেকেরই জানা। মানুষ মার্টিন ক্রোকে সবচেয়ে কাছ থেকে তো ডাউনেসই জেনেছেন। কেমন ছিলেন সেই মানুষটা, সেটিই উঠে এল ডাউনেসের ছোট বক্তৃতায়, ‘আপনারা অনেকেই তাকে ক্রিকেট কিংবদন্তি হিসেবে চেনেন। আমি তাকে চিনতাম শুধু প্রাণের বন্ধু হিসেবে। ও ছিল খুবই রোমান্টিক, প্রগাঢ় প্রেমিক ও খুবই মজার মানুষ। মাঝে মাঝে খুবই দুষ্টুমি করতে পারত। আমি যে আদর্শ জীবনসঙ্গীর স্বপ্ন দেখেছিলাম, সে ঠিক তা-ই ছিল।’
মানুষ হিসেবে এমন অসাধারণ ছিলেন বলেই হয়তো সতীর্থদের বাইরেও প্রতিপক্ষের সঙ্গেও তাঁর দুর্দান্ত বন্ধুত্ব ছিল। সেই বন্ধুদের একজন কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডার কাল শেষকৃত্যে না থাকতে পারলেও একটা আবেগাপ্লুত বার্তা ঠিকই পাঠালেন। শবযাত্রার আগে সেই বার্তা পড়ে শোনালেন ক্রোর একসময়ের সতীর্থ ইয়ান স্মিথ, ‘ক্রিকেট একজন আদর্শ খেলোয়াড়কে হারিয়েছে। ওর অভাব আমরা সবাই অনুভব করব, কিন্তু কখনোই ওকে ভুলে যাব না। সে ছিল সত্যিকারের চ্যাম্পিয়ন।’
ছোট ভাইয়ের শেষ সময়ে কাছে থাকতে পারেননি বলে শেষকৃত্যে একটু বেশিই আবেগপ্রবণ ছিলেন জেফ ক্রো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘কয়েক দিন আগে ওয়াসিম আকরাম আমাকে বলছিলেন, মার্টিনই ছিল তাঁর বোলিংয়ের বিপক্ষে সেরা ব্যাটসম্যান। এর চেয়ে বড় প্রশংসা আর কী হতে পারে! সত্যিই, কী বিশাল অনুপ্রেরণাই না সে ছিল আমাদের জন্য!’
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানেই একটা মজার তথ্যও দিয়েছেন ক্রোর আজীবনের বন্ধু ইয়ান স্মিথ। বৃষ্টিতে কখনো খেলা শুরু হতে দেরি হলে মার্টিন ক্রো নাকি ড্রেসিংরুমে সবাইকে বারবার তাঁর চাচাতো ভাই রাসেল ক্রোর সিনেমাগুলো দেখাতেন। সপরিবারে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত রাসেল ক্রো অবশ্য কোনো বক্তৃতা করেননি। তবে গির্জা থেকে কবর পর্যন্ত কফিন বহনও করেছেন তিনি।
আবেগঘন শেষকৃত্যে নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী হাকা নাচও ছিল। অকল্যান্ড গ্রামার স্কুলের একদল শিক্ষার্থী এই নাচের ছন্দে শ্রদ্ধা জানায় কিউই কিংবদন্তিকে। এই স্কুলেই পড়তেন মার্টিন ক্রো। ক্রিকইনফো।