শ্রদ্ধা ও ভালোবাসায় ‘হামিদ ভাই’কে স্মরণ
বক্তব্য রাখতে যিনিই মাইক্রোফোনের সামনে দাঁড়ান, তাঁর কথা যেন শেষই হতে চায় না। সময় কম বলে বক্তব্য সংক্ষিপ্ত করতে হয়েছে। কিন্তু ‘হামিদ ভাই’কে নিয়ে বলার যে ছিল অনেক। তাই তাঁর স্মরণসভায় ভিড় করল অগুনতি স্মৃতি। স্মৃতির ঝাঁপি খুলে দিলেন প্রয়াত আবদুল হামিদকে কাছ থেকে দেখা মানুষেরা।তাঁদেরই উপস্থিতিতে কাল ঘণ্টা দুয়েকের এই স্মরণসভা। স্মৃতিচারণায় আবদুল হামিদকে যখন ‘মায়াবী এক মানুষ’ হিসেবে বর্ণনা করেন ক্রীড়া লেখক ইকরামউজ্জামান, তখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের মিলনায়তনে নেমে আসে পিনপতন নীরবতা। প্রয়াত আবদুল হামিদের ভাই আবদুল তৌহিদের বর্ণনায় তিনি উঠে আসেন সৎ এবং নির্মোহ জীবনযাপন করে যাওয়া আদর্শ এক মানুষ হিসেবে।জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান ফিরে যান সেই পাকিস্তান আমলে। তখন তাঁর ক্রিকেট-জীবনে আবদুল হামিদের ধারাভাষ্যের প্রভাব কতটা প্রবল ছিল, সেটা মনে করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন। রকিবুলের স্মৃতির পাতায় আবদুল হামিদ আছেন এভাবে, ‘সে সময় বাড়ি থেকে বেরোনোর সময় বলতাম, ‘মা শোন, আজ রেডিওতে ধারাভাষ্যে হামিদ ভাই আমার নাম বলবেন। এ থেকেই বুঝে নিতে পারেন কতটা অন্তরে ঢুকে গিয়েছিলেন তিনি।’আবদুল হামিদের সঙ্গে প্রায় ৪০ বছর একসঙ্গে ধারাভাষ্য দিয়েছেন মঞ্জুর হাসান (মিন্টু)। এই স্মরণসভায় মঞ্জুর হাসানের কথা সবাই শুনল মন্ত্রমুগ্ধ হয়ে। তিনি বললেন, হামিদ ভাইয়ের তুলনা তিনি নিজেই। ঠিক এভাবেই খেলোয়াড়-সংগঠক-ধারাভাষ্য-ক্রীড়া সাংবাদিক হিসেবে অনুকরণীয় জীবনের অধিকারী আবদুল হামিদকে বর্ণনা করলেন ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন। আরও স্মৃতিচারণা করেন বশির আহমেদ, এটিএন বাংলার নওয়াজেশ আলী খান, ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ মুসা, শামীম আশরাফ চৌধুরী, ক্রীড়া সংগঠক এস এ সুলতান, এম এ লতিফ, হাসানউল্লাহ খান, অনুপম হোসেন প্রমুখ।গত ৪ আগস্ট ক্যানসারের কাছে হার মানেন আবদুল হামিদ। কদিন পরই তাঁর সহধর্মিণীও দুঃখজনকভাবে চলে যান না ফেরার দেশে। এই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্রীড়াঙ্গন। এর আগে আরও দুটি শোকসভা হয়েছে। কালকেরটির আয়োজক ছিল বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম ও স্পোর্টস ভিশন লিমিটেড। তবে এভাবে শোকসভার স্মৃতিচারণাতেই যাতে সব শেষ না হয়, সেজন্য আবদুল হামিদের স্মৃতি ধরে রাখতে একটি কমেন্ট্রি বক্সের নাম তাঁর নামে করার দাবি জানিয়েছেন বক্তারা।