শ্রীকান্তের প্রভাব অসামান্য: গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন তিনিই করতেন। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে অনেক ব্যাটসম্যানকেই গোড়াপত্তনের সঙ্গী হিসেবে পেয়েছিলেন। কিন্তু সবার মধ্যে কৃষ্ণমাচারি শ্রীকান্তের সঙ্গটাই নাকি তাঁর ক্যারিয়ারকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তিনি ভারতীয় দলে শ্রীকান্তকেই তাঁর শ্রেষ্ঠ সঙ্গী হিসেবে অভিহিত করেছেন।ক্রিকেটের প্রচার ও প্রসারসংক্রান্ত এক কর্মসূচিতে অংশ নিতে গাভাস্কার এই মুহূর্তে অবস্থান করছেন কানাডার টরন্টোয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ভারতীয় দলে ইনিংস উদ্বোধন করতে গিয়ে তিনি যতজন ব্যাটসম্যানকে পেয়েছেন, তাঁদের মধ্যে কৃষ্ণমাচারি শ্রীকান্তই সেরা। এর মূল কারণ হিসেবে তিনি বলেন, শ্রীকান্ত ক্রিজের অপর প্রান্তে থাকলে ব্যাটিংটা খুবই সহজ হয়ে যেত। কারণ অপর প্রান্তে সে থাকত খুবই মারমুখী। সে কারণে ব্যাটিংয়ে এক ধরনের স্বাধীনতা ভোগ করা যেত। গাভাস্কার বলেন, ভারতীয় দলের শ্রীকান্ত আমাকে দারুণভাবেই প্রভাবিত করেছে। টেস্ট ক্রিকেটে নিজের দেখা সেরা উদ্বোধনী জুটির কথা উল্লেখ করতে গিয়ে দুই জোড়া অসি জুটির নাম উল্লেখ করেছেন সুনীল গাভাস্কার। গাভাস্কারের উল্লেখকৃত এই দুই জোড়া জুটি হচ্ছে, বিল লরি ও ববি সিম্পসন এবং ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গার। গাভাস্কার বলেন, অর্থনৈতিকভাবে ক্রিকেট এখন অনেক শক্তিশালী। একটা সময় ছিল যখন কোনোভাবেই ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবা যেত না। কিন্তু সময় বদলে গেছে। কেবল ঘরোয়া ক্রিকেট খেলা একজন ক্রিকেটারেরও এখন রোজগারটা মন্দ নয়। ইএসপিএন।