শ্রীনি-পাওয়ার দ্বন্দ্বের বলি ওয়াংখেড়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। ব্যাপারটা হতে পারে এমনই। শচীন টেন্ডুলকারের ২০০তম টেস্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। কিন্তু বিসিসিআইয়ের বর্তমান ও সাবেক দুই সভাপতির বিরোধের বলি হতে পারে ওয়াংখেড়ে। সাবেক সভাপতি শারদ পাওয়ারকে হেনস্তা করতে বিসিসিআই ম্যাচটা সরিয়ে নিতে পারে একই শহরের ব্রাবোর্ন স্টেডিয়ামে। পরশু বিসিসিআই সম্পাদক সঞ্জয় প্যাটেল হঠাৎ করেই ব্রাবোর্ন স্টেডিয়াম পরিদর্শনে যান। এটাই জন্ম দিয়েছে গুঞ্জনের।
অনেক দিন ধরেই পাওয়ার ও শ্রীনিবাসনের সম্পর্কটা ভালো নয়। আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ঠিকমতো সামলাতে না পারায় শ্রীনির কঠোর সমালোচনা করেছিলেন পাওয়ার। আগামী ১৮ অক্টোবর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) নির্বাচন। ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পাওয়ারের সভাপতি হওয়াটা প্রায় নিশ্চিতই। সেই নির্বাচনের আগে বিসিসিআইয়ের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়া শ্রীনিবাসন নিজের ক্ষমতা জাহির করতেই নিতে পারেন ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে খেলতে ভারতে আসছে। টেন্ডুলকারকে সম্মান জানিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টটি মুম্বাইয়ে আয়োজন করছে বিসিসিআই। ওয়েবসাইট।