শ্রীনি 'গোঁয়ার' এবং 'নির্লজ্জ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাবান মানুষ ছিলেন তিনি। কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাম আসায় এন শ্রীনিবাসনের সেই আসন এখন নড়বড়ে। তাঁর দাপটে এত দিন হয়তো মুখ খোলার সাহস পাননি অনেকে। তবে পদচ্যুত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতির বিরুদ্ধে এখন সোচ্চার অনেকেই। সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর যেমন শ্রীনিবাসনকে ‘নির্লজ্জ’ আর ‘গোঁয়ার’ বলতে দ্বিধা করেননি। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে শ্রীনিবাসন বিসিসিআইয়ের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে মনে করেন আরেক সাবেক সভাপতি জগমোহন ডালমিয়া।
সুপ্রিম কোর্টের আদেশে পদচ্যুত হওয়ার পরও যেভাবেই হোক সভাপতির পদে ফিরতে চেয়েছিলেন শ্রীনিবাসন। কিন্তু এই পথে কড়া নিষেধাজ্ঞা দিয়ে আদালত জানিয়ে দিয়েছেন, মুডগাল কমিটি সিলগালা করা খামে যে প্রতিবেদন জমা দিয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত বোর্ডে ফিরতে পারবেন না তিনি। ২২ এপ্রিল পরবর্তী শুনানির আগেই তাই এ ব্যাপারে একটি গঠনমূলক সংশোধনীর পদক্ষেপ নিতে বিসিসিআইকেও নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ মেনেই আগামীকাল কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিসিসিআই। তবে এ বৈঠকে কোনো লাভ হবে না বলেই মনে করেন শশাঙ্ক মনোহর, ‘শ্রীনিবাসন নির্লজ্জ আর গোঁয়ারের মতো পদ আঁকড়ে ধরে রাখতে চাইছেন। বোর্ডে এমন কোনো নেতা নেই যে তাঁকে চ্যালেঞ্জ করবে। গত বছর মে মাসে স্পট ফিক্সিংয়ের ব্যাপারটা প্রথম প্রকাশ্যে আসে, আর এটা এপ্রিল মাস। গত এক বছরে কিছুই তো এগোয়নি।’
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান হওয়ার সুবাদে বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য জগমোহন ডালমিয়াও। আদালতের নির্দেশের পর জরুরি সভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। তবে ক্ষতি যা হওয়ার সেটা ইতিমধ্যেই হয়ে গেছে বলে মনে করেন তিনি, ‘আমি খুশি যে দেরিতে হলেও বিসিসিআইয়ের বোধোদয় হয়েছে। গত তিন-চার দিনে যেসব খবর বেরিয়ে এসেছে, সেটা বিসিসিআইয়ের ভাবমূর্তিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের ক্রিকেটপ্রেমীদের সামনে এই ভাবমূর্তি পুনরুদ্ধার করা।’ কার্যনির্বাহী কমিটি শ্রীনিবাসনকে বিসিসিআই ছাড়তে বাধ্য করতে পারে কি না এমন প্রশ্নে ডালমিয়ার জবাব, ‘সবকিছুই নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে গড়ায় তার ওপর।’ ক্রিকইনফো।