শ্রীনিঅবসানে গাভাস্কার উদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গদি যে বাঁচাতে পারছেন না নারায়ণস্বামী শ্রীনিবাসন সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল আগেই। দেখার ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নিজেই সরে দাঁড়ান কি না। শ্রীনিবাসন পদত্যাগ করেননি। কাল দেশটির শীর্ষ আদালতই সরিয়ে দিয়েছেন তাঁকে। সুপ্রিম কোর্ট কালই অন্তর্বর্তী সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে সুনীল গাভাস্কারকে। তবে আগের দিনের প্রস্তাব অনুযায়ী বাদ দেওয়া হয়নি আইপিএলের দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। তাই সময়মতোই শুরু হচ্ছে আইপিএলের সপ্তম আসর। শিথিল করা হয়েছে ইন্ডিয়া সিমেন্টসের চাকরিজীবীদের ক্রিকেট বোর্ডে থাকা না-থাকাসংক্রান্ত তৃতীয় প্রস্তাবও। বোর্ডের কর্মকর্তা-কর্মচারী হিসেবে থাকা না গেলেও বাধা নেই খেলতে কিংবা ধারাভাষ্য দিতে। তাই আপাতত একটা ঝামেলা থেকে মুক্তি পেলেন মহেন্দ্র সিং ধোনি।
ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কারকেও দায়িত্ব বণ্টন করে দিয়েছেন আদালত। নতুন সভাপতি আপাতত দেখবেন শুধু আইপিএল-সংক্রান্ত বিষয়াদি। বোর্ডের নিয়মিত কার্যক্রম দেখভাল করবেন বিসিসিআইর সহসভাপতি আরেক সাবেক ক্রিকেটার শিবলাল যাদব। গাভাস্কারকে অব্যাহতি দেওয়া হয়েছে ধারাভাষ্যকারের চুক্তি থেকেও।
কাল আদালতে বিসিসিআইয়ের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেছেন আইপিএলের দল দুটিকে নিয়েই। চেন্নাই ও রাজস্থানকে বাদ দিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা, আদালতে এটাই বলেছেন তাঁরা।
১৬ এপ্রিল চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে এখন সবাই। এএফপি।