শ্রীনিকে সরে দাঁড়ানোর আহ্বান সুপ্রিম কোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীনিবাস
শ্রীনিবাস

পুরো ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রণই নিজের দখলে আনার বন্দোবস্ত অনেকখানি শেষ করে ফেলেছেন শ্রীনিবাসন। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের জুলাইয়েই গ্রহণ করবেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতির দায়িত্ব। কিন্তু নিজ দেশেই প্রবল চাপের মধ্যে পড়েছেন বিসিসিআইয়ের এই বিতর্কিত সভাপতি।

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সুষ্ঠু তদন্তের স্বার্থে শ্রীনিবাসনকে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। অনুরোধে কাজ না হলে ভবিষ্যতে আইনি নির্দেশও জারি করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে শ্রীনিবাসনকে।

আইপিএলে ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে বেশ ভালোই তোলপাড় হয়েছে ভারতীয় ক্রিকেট অঙ্গন। শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন এই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়েছে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে। সুষ্ঠ তদন্তের স্বার্থে শ্রীনিবাসনের সরে দাঁড়ানো উচিত বলেই মত দিয়েছেন বিচারপতি এ কে পাটনায়েক। আজ সুপ্রিম কোর্টে তিনি বলেছেন, ‘বিসিসিআই সভাপতি যদি সরে না দাঁড়ায় তাহলে কোনো সুষ্ঠু তদন্ত সম্ভব না। শ্রীনিবাসন কেন নিজের পদ আঁকড়ে পড়ে আছেন? তিনি যদি সরে না দাঁড়ান, তাহলে আমরা আইনি নির্দেশ জারি করব।’

আইপিএলের ষষ্ঠ আসরের স্পট ফিক্সিং বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে গত ফেব্রুয়ারিতে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছিলেন ভারতের অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুডগাল। শ্রীনিবাসনের জামাতা মায়াপ্পন যে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, এমন ইঙ্গিতও আছে এই তদন্ত প্রতিবেদনে। শ্রীনিবাসন বিসিসিআইয়ের সভাপতি থাকলে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আদৌ নেওয়া হবে কি না, এই প্রশ্নও উঠেছে ভারতের সুপ্রিম কোর্টে। পাটনায়েক বলেছেন, ‘মুডগাল কমিটির প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কিন্তু যে অভিযোগগুলো উঠেছে সেগুলো খুবই গুরুতর। এই তদন্তের ওপর ভিত্তি করে বিসিসিআই কোনো পদক্ষেপ নেবে কি না, সেটা খুবই বড় একটা প্রশ্ন।’