শ্রীনিবাসন 'ঠেকাও'

পদচ্যুত বিসিসিআইয়ের প্রধান এন শ্রীনিবাসনের জন্য বিরাট ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছে বিহার ক্রিকেট সংস্থা (সিএবি)। আইপিএল ফিক্সিংয়ের অভিযোগ ও সুষ্ঠু তদন্তের ব্যাপারটি সুপ্রিম কোর্টে নিয়ে ক্রিকেট সংস্থাটি এরই মধ্যে ব্যাপক আলোচিত। এবার সিএবি আইসিসির সভায় শ্রীনির ‘যোগদান ঠেকাও আন্দোলনে’ নেমেছে। শুধু তা-ই নয়, আইপিএলের ফিক্সিং কেলেঙ্কারির ব্যাপারে আইসিসির ‘নিষ্ক্রিয় ভূমিকা’তেও ক্ষুব্ধ সংস্থাটি।
সম্প্রতি আইসিসি সভাপতি অ্যালান আইজ্যাককে চিঠি দিয়েছে সিএবি সম্পাদক আদিত্য বর্মা। তিনি চিঠিতে দাবি করেছেন, আইপিএল কেলেঙ্কারিতে ‘মুখ বন্ধ’ রেখেছে আইসিসি। বর্মা চিঠিতে লিখেছেন, ‘আইসিসির আচরণবিধি অনুসারে, যদি কোনো খেলোয়াড়ের নাম যদি অনৈতিক কার্যক্রমে উঠে আসে, তবে আইসিসির দায়িত্ব সেটি তদন্ত করা। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজও আইসিসি এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি।’ এরপর ব্যঙ্গাত্মকভাবে বর্মা বলেন, ‘আইসিসি কি ইন্ডিয়া সিমেন্টে পরিণত হয়েছে?’ উল্লেখ্য, ইন্ডিয়া সিমেন্ট শ্রীনির মালিকাধীন একটি প্রতিষ্ঠান।
সিএবি সম্পাদক আইসিসিকে অনুরোধ করে লিখেছেন, ‘সিএবির পক্ষ থেকে আবারও অনুরোধ করছি, দ্রুত এ ব্যাপারে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে। তদন্ত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাঁকে বিসিসিআইয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আদালত। ফলে অবশ্যই ভারতের আইনকে সম্মান জানানো উচিত আইসিসির।’
আদালতের আদেশে পদ ছাড়ার পরও বিসিসিআইয়ের ‘প্রতিনিধি’ হিসেবে গত আইসিসি সভায় যোগ দিয়েছেন শ্রীনিবাসন। শুধু তা-ই নয়, আগামী মেয়াদে আইসিসির চেয়ারম্যানের পদও অলংকৃত করার কথা শ্রীনির।