শ্রীনির ওপর পদত্যাগের চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি নাড়িয়ে দিয়েছে পুরো ভারতীয় ক্রিকেটকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন গ্রেপ্তার হয়েছেন এই অভিযোগে। কিন্তু এন শ্রীনিবাসন যেন গোঁ ধরে বসেছেন, কিছুতেই তাঁর পদ ছাড়বেন না। এদিক-ওদিক থেকে যতবার তাঁর পদত্যাগের দাবি উঠেছে, ততবারই তিনি তা উড়িয়ে দিয়েছেন। তবে এবারের চাপটা সামলাতে হয়তো বেশ বেগ পেতে হবে। খোদ ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয় চাচ্ছে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে যান শ্রীনিবাসন।শ্রীনিবাসনের পদত্যাগের দাবি প্রথম ওঠে ভারতীয় দলের স্পনসর সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়ের মুখে। পরে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা তদন্তের স্বার্থে তাঁকে দূরে থাকতে বলেছেন। কিন্তু বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হবে কি না, স্পষ্ট করে বলেননি। নির্বাচিত সভাপতি বলে এসব দাবি যতটা সহজে উড়িয়ে দিয়েছেন শ্রীনিবাসন, ক্রীড়া মন্ত্রণালয়ের বেলায় হয়তো সেভাবে পারবেন না। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘তদন্ত বিঘ্নিত হতে পারে, এটা মাথায় রেখে নৈতিক অবস্থান থেকে হলেও বিসিসিআইয়ের সভাপতির পদত্যাগ করা উচিত।’শ্রীনিবাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটা দেখার অপেক্ষা এখন। তবে এর মধ্যে বসে নেই মুম্বাই পুলিশও। গ্রেপ্তার হওয়া তাঁর জামাতা মায়াপ্পনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখার মেয়াদ বাড়ানো হয়েছে আগামীকাল পর্যন্ত। আর দিল্লি পুলিশের হাতে আটক ভারতীয় পেসার শ্রীশান্ত ও তাঁর আরও দুই সতীর্থকে পাঠানো হয়েছে জেলহাজতে। ক্রিকইনফো, এএফপি।