শ্রীনির জামাতার নামে অভিযোগপত্র
গুরুনাথ মায়াপ্পানকে মনে আছে? এবার তোলপাড় তোলা আইপিএল-কেলেঙ্কারির মূল খলনায়কদের একজন চেন্নাই সুপার কিংসের শীর্ষ কর্মকর্তা। সেই কেলেঙ্কারিতে জড়িয়ে রাজস্থান রয়্যালসের শ্রীশান্ত আজীবন নিষিদ্ধই হয়েছেন। আইপিএলের ম্যাচ গড়াপেটা ও স্পট ফিক্সিংয়ের দায়ে কাল মায়াপ্পানের নামে অভিযোগপত্র দিয়েছে মুম্বাই পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়েছে, নিজের দলের হারের পক্ষে বাজি ধরেছিলেন মায়াপ্পান। তাঁর দল চেন্নাই ম্যাচটা পরে হেরেওছিল। দলীয় কৌশল ফাঁস করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ বলেছে, চেন্নাইয়ের বিভিন্ন তথ্য মায়াপ্পান বিন্দু দারা সিংয়ের কাছে পাচার করতেন, আর দারা সিং মায়াপ্পানের হয়ে ম্যাচ গড়াপেটা করতেন। পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফের নামও এসেছে অভিযোগপত্রে।
মায়াপ্পান বিসিসিআইয়ের সাবেক সভাপতি ও চেন্নাই সুপার কিংসের অন্যতম অংশীদার এন শ্রীনিবাসনের জামাতা। আইপিএল-কেলেঙ্কারির নৈতিক দায় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পরে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন শ্রীনিবাসন। জামাতার বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি শ্রীনি। ওয়েবসাইট।