শ্রীনির পদত্যাগ আজই!
আজই কি শেষ এন শ্রীনিবাসনের? স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জেরবার বিসিসিআই প্রধান হয়তো পদত্যাগ করছেন আজকের জরুরি সভাতেই। পরশু পদত্যাগ করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবশালী দুই সদস্য সঞ্জয় জাগদালে ও অজয় শিরকে। এই দুজন পদ ছেড়েছেন শ্রীনিবাসনের প্রতি অনাস্থা দেখিয়েই। টালমাটাল বিসিসিআইকে আরও টালমাটাল করে কাল পদত্যাগ করেছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাও। পদত্যাগের কারণ হিসেবে ভারতীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথাই বলেছেন শুক্লা। জাগদালে ও শিরকে পদত্যাগের সময় বলেছিলেন বোর্ডে হয় শ্রীনাবাসন থাকবেন নয়তো তাঁরা থাকবেন।
কোণঠাসা হয়ে পড়া শ্রীনিবাসনকে জীবনের সবচেয়ে কঠিন সভায় অংশ নিতে হবে আজ। যেখানে বেশির ভাগ সদস্যই চাইছেন শ্রীনিবাসন সরে দাঁড়ান। তবে শ্রীনিবাসন তিনটি শর্তে পদত্যাগ করতে চাইছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শর্ত তিনটি—তদন্তের পর নির্দোষ প্রমাণিত হলে সভাপতি পদে পুনর্বহাল করতে হবে, তাঁকে আইসিসির সভায় ভারতের প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং তাঁকে ছেড়ে গেছেন সেই জাগদালে ও শিরকেকে নতুন কমিটিতে রাখা যাবে না। তবে বোর্ড সদস্যরা শেষ শর্তটা মানবে না বলেই ধারণা করা হচ্ছে। ওয়েবসাইট।