শ্রীনির বদলে গাভাস্কার!
ক্রিকেট-বিশ্বের সবচেয়ে প্রতাপশালী কর্মকর্তা এখন বুঝতে পারছেন, ক্ষমতার দাপট সব জায়গায় চলে না। ভারতের শীর্ষ আদালত গত মঙ্গলবার এন শ্রীনিবাসনকে বলেছিলেন, আইপিএল ফিক্সিংয়ের তদন্তের স্বার্থে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ ছেড়ে দিতে হবে। শ্রীনিবাসনের বিকল্প অন্তর্বর্তী সভাপতি হিসেবে একটি নামই কাল প্রস্তাব করেছেন আদালত—সুনীল গাভাস্কার। তবে সমস্যা হলো ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তি বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ একজন ধারাভাষ্যকার। তবে এর জেরে সৃষ্ট সম্ভাব্য সমস্যা নিয়ে গাভাস্কার অতশত ভাবছেন না। জানিয়ে দিয়েছেন, বোর্ড সভাপতি হতে কোনো আপত্তি নেই তাঁর।
বেচারা শ্রীনিবাসনকে বিসিসিআইয়ের গদি সম্ভবত ছাড়তেই হচ্ছে। কালক্ষেপণ করতে পারেন, কিন্তু আদালতের ‘শেষ অস্ত্র’ পদত্যাগ করার আদেশ যেকোনো সময় এসে যেতে পারে।
বিসিসিআইয়ের সভাপতি পদে না থাকলে শ্রীনির আরও বড় একটা লক্ষ্য অপূর্ণ থেকে যাবে। আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির প্যাঁচ কষে আইসিসির খোলনলচে পাল্টে দিয়েছেন তো আগামী জুলাইতে সংস্থাটির চেয়ারম্যানের পদে বসবেন বলে। কিন্তু বিসিসিআইয়ের গদিই যদি না থাকল, আইসিসির কার্যনির্বাহী কমিটির প্রধানের পদে বসবেন কীভাবে? ওখানে বসার যোগ্যতাই যে বিসিসিআইয়ের সভাপতি থাকা! শ্রীনিবাসনের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে কালই তাঁর আইনি পরামর্শক ইঙ্গিত দিয়েছেন সরে দাঁড়াতে আপত্তি নেই শ্রীনির।
সুপ্রিম কোর্ট একই সঙ্গে কাল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে বাদ দেওয়ার সুপারিশ করায় আগামী আইপিএলটাও পড়ে গেছে সংকটে। এই দুই দলেরই খেলোয়াড়-কর্মকর্তাদের নাম এসেছে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে। চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্টস। আবার ইন্ডিয়া সিমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক শ্রীনিবাসন। তাই এই শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সব ধরনের কর্মকর্তা-কর্মচারীকে বিসিসিআইয়ের বাইরে রাখার সুপারিশ করেছেন আদালত। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়া সিমেন্টসের পরিচালনা পর্ষদের সহসভাপতি। শুনানিতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে ধোনির বিরুদ্ধে। বিহার ক্রিকেট সংস্থার আইনজীবী আদালতকে জানান, ফিক্সিংয়ে অভিযুক্ত শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন ভারত অধিনায়ক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইপিএল স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে।
আদালতের সুপারিশের জবাব আজই দিতে বলা হয়েছে বিসিসিআইকে। এরপরই অন্তর্বর্তী আদেশ দেবেন আইপিএলের স্পট ফিক্সিং নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। এএফপি, ওয়েবসাইট।