শ্রীলঙ্কা চাপে থাকবে, স্বীকার চান্দিমালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে কাল রোববার অনুষ্ঠেয় একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে চাপে থাকবে শ্রীলঙ্কা। আজ শনিবার এ কথা স্বীকার করেছেন শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক দীনেশ চান্দিমাল।দুই দিন আগে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমরা যেমন চাইছেন জয় দিয়ে সফর শেষ করতে, তেমনি শেষ ম্যাচে জয় চায় স্বাগতিক শ্রীলঙ্কাও। তবে সর্বশেষ ম্যাচে হেরে যাওয়ায় চাপটা শ্রীলঙ্কার ওপরই বেশি থাকবে।পাল্লেকেলেতে আজ ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে চান্দিমাল বলেন, ‘গত ম্যাচে বাংলাদেশ জিতেছে। ওদের খেলোয়াড়েরা মানসিকভাবে এগিয়ে থাকবে। তবে আমাদের খেলোয়াড়দেরও ভালো করার সুযোগ রয়েছে। আশা করছি, সুযোগটা কাজে লাগাতে পারব আমরা।’২৩ বছর বয়সী চান্দিমাল বলেন, ‘এটা আমাদের জন্য চাপের। তবে আমি এই চাপ নিয়ে খেলতে পছন্দ করি। একজন ক্রিকেটার হিসেবে খেলার সময় চাপ থাকবেই। বাংলাদেশকে কখনোই খাটো করে দেখিনি আমরা। কারণ, বিশ্ব ক্রিকেটে দলটি উন্নতি করছে।’বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে নাসির হোসেনকে নিয়ে সবচেয়ে বেশি ‘ভয়’ চান্দিমালের। নাসিরকে ঠেকানোর জন্য স্বাগতিকদের আলাদা পরিকল্পনা আছে বলেও স্বীকার করেন তিনি। চান্দিমাল বলেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ওয়ানডে সিরিজে নাসির হোসেন দুর্দান্ত ব্যাট করেছে। গোটা সফরেই সে ধারাবাহিক ছিল। তাই নাসিরের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে আমাদের। একই সঙ্গে অন্যদের জন্যও পরিকল্পনা আছে। আশা করছি, কাল আমরা পরিস্থিতি সামলে নিতে পারব। নিজেদের সামর্থ্যের স্বাক্ষর রাখতে পারব।’নিজের দল সম্পর্কে চান্দিমাল বলেন, কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশানের মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে নেই। তবে দিলশান মুনাবীরা ও কুশাল পেরেরার মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এ ম্যাচটা তরুণ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ।’ সূত্র: ক্রিকইনফো।