শ্রীলঙ্কা চিন্তিত ইংলিশ কন্ডিশন নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কান ক্রিকেটে কেমন যেন একটা অস্থিরতা। পরিবর্তন, পরিবর্ধন আর বিতর্ক—সব মিলিয়ে মোটামুটি কঠিনই একটা সময় গেল। টেস্ট দেশগুলোর মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি খেলোয়াড় সরবরাহ করে শ্রীলঙ্কা। মাঝখানে তাদের ক্রীড়ামন্ত্রী ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য সব খেলোয়াড়দের দেশে ফিরে আসার হুংকার দিলেও ব্যাপারটি বেশি দূর গড়ায়নি। জয়াবর্ধনে, সাঙ্গাকারা, দিলশান, মালিঙ্গারা বহাল তবিয়তেই আইপিএল খেলছেন। তাঁদের ছাড়াই শ্রীলঙ্কার বাকি দলটি ইংল্যান্ডে রওনা দিয়ে দিয়েছে। আইপিএলের খেলোয়াড়েরা ১৯ মে ইংল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।লঙ্কান দলের ব্যাটিং কোচ হয়েছেন সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু। তিনি সবচেয়ে বেশি চিন্তিত ইংলিশ কন্ডিশনে লঙ্কান খেলোয়াড়দের অনভ্যস্ততা নিয়ে। বলেছেন, আসন্ন ইংল্যান্ড সফরে এই ব্যাপারটিই দলের খেলোয়াড়দের বাজেভাবে ভোগাতে পারে।কন্ডিশনের বাইরে দীর্ঘদিন টেস্ট ম্যাচ না খেলাও দলের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে মনে করেন আতাপাত্তু। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা অনেক দিন হয়েছে টেস্ট ম্যাচের বাইরে রয়েছে। অথচ ইংল্যান্ডে কিন্তু আমরা টেস্ট সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলতে যাচ্ছি।’ দেশকে দীর্ঘদিন সেবা দেওয়া স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনের অভাবও ইংল্যান্ডে গিয়ে শ্রীলঙ্কান দল বোধ করবে বলে মনে করেন সাবেক এই স্টাইলিশ ব্যাটসম্যান।শ্রীলঙ্কা এখনো পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে পূর্ণাঙ্গ কোনো টেস্ট সিরিজ জেতেনি। তাদের সেরা সাফল্য ২০০৬ সালে টেস্ট সিরিজ ড্র করা। ১৯৯৯ সালে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেছিল মুত্তিয়া মুরালিধরনের অসাধারণ বোলিং ক্যারিশমায়। ডেইলি টাইমস।