শ্রীলঙ্কা ছেড়ে ইংল্যান্ডে ফারব্রেস
ইংল্যান্ডের সহকারী কোচের প্রস্তাব পেয়েছেন, এই গুঞ্জন ওঠার পর থেকে তাঁর কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না। লঙ্কান সংবাদমাধ্যম তো কৌতুকই করছিল, হারিয়ে যাওয়া মালয়েশিয়ান বিমানের চেয়েও কঠিন হয়ে উঠেছে ফারব্রেসকে পাওয়া। অবশেষে কলম্বোতে ফিরেছেন গত পরশু, পরদিনই জানিয়ে দিলেন সিদ্ধান্ত। আর শ্রীলঙ্কা দলের কোচ থাকছেন না পল ফারব্রেস।
অথচ লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দারুণ রোমাঞ্চিত ছিলেন ফারব্রেস। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই বলেছিলেন এই ভবিষ্যৎ পথচলায় নিজের পরিকল্পনার কথা। তবে বাস্তবতা, ইংল্যান্ডের প্রস্তাবটা উপেক্ষা করা কঠিনই ছিল। শ্রীলঙ্কান প্রধান কোচ হয়ে মাসে ১৩ হাজার ডলারের মতো সম্মানী পাচ্ছেন ফারব্রেস। এর থেকে অনেক বেশি পাবেন ইংল্যান্ডের সহকারী কোচ হয়েই। নিজ দেশে কাজ করার সুযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা তো আছেই। ফারব্রেসও পদত্যাগপত্রে পেশাদারি কারণটাই উল্লেখ করেছেন। তাঁর তিন মাসের দায়িত্বে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শ্রীলঙ্কা, ১৮ ম্যাচের মাত্র একটিতেই হেরেছে তারা। ওয়েবসাইট।