শ্রীলঙ্কা দলে আনকোরা দনাঞ্জয়া
ভাগ্য বটে আকিলা দনাঞ্জয়ার! কোন এক শুভক্ষণে শ্রীলঙ্কা জাতীয় দলের নেটে বল করেছিলেন মাহেলা জয়াবর্ধনেকে। মুগ্ধ জয়াবর্ধনের সুপারিশে সুযোগ পান টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে। অথচ এর আগে কোনো পেশাদার টুর্নামেন্ট বা শ্রীলঙ্কার বয়সভিত্তিক দলেও খেলেননি ১৮ বছর বয়সী তরুণ। চলমান এসএলপিএলে দারুণ পারফর্ম করে তো এবার এই অফস্পিনার সুযোগ পেয়ে গেলেন বিশ্বকাপের মূল দলেই। ওয়াইম্বা ইউনাইটেডের হয়ে চার ম্যাচে ১১ গড়ে ৭ উইকেট পেয়েছেন দনাঞ্জয়া। ওয়েবসাইট।টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে এসেছেন আরেক আনকোরা দিলশান মুনাবীরা। ঢুকেছেন ৩০ জনের দলের বাইরে থেকে। দলে আবারও ডাক পেয়েছেন স্পিনার অজন্তা মেন্ডিস। ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচটি খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কা দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস (সহ-অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, দিলশান মুনাবীরা, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, শামিন্দা ইরাঙ্গা, আকিলা দনাঞ্জয়া।