শ্রীলঙ্কা দলে চার নবীন
ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে ডাক পেয়েছিলেন প্রাথমিক দলে। প্রস্তুতি ম্যাচে ১৬৫ বলে ১৬৮ রানের ইনিংসটি কিতুরুয়ান ভিতানাগেকে জায়গা করে দিল মূল দলেও। বাংলাদেশের বিপক্ষে গল টেস্টের দলে রাখা হয়েছে ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানকে। ১৬ সদস্যের দলে আছেন আরও তিন নবীন—কুশল পেরেরা, জীবন মেন্ডিস ও থারিন্ডু কৌশল। বাদ পড়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা থিলান সামারাবীরা। ফিরেছেন প্রায় দুই বছর আগে সবশেষ টেস্ট খেলা অজন্তা মেন্ডিস। প্রাথমিক দল থেকে প্রথমে বাদ পড়লেও চোটগ্রস্ত মাহেলা জয়াবর্ধনের বদলে আনা হয়েছিল সামারাবীরাকে। অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নের মতো একটি সিরিজ কেটেছে অভিজ্ঞ ব্যাটসম্যানের, ৬ ইনিংসে করতে পেরেছিলেন মাত্র ৭৯ রান। তবে দেশে আর দেশের বাইরে বরাবরই ভিন্ন ব্যাটসম্যান সামারাবীরা। চলমান শ্রীলঙ্কার শীর্ষ প্রথম শ্রেণীর টুর্নামেন্ট প্রিমিয়ার লিগেই যেমন চার ম্যাচে তিন সেঞ্চুরিতে করেছেন ৪৬৪ রান। সামারাবীরার না থাকাটা বাংলাদেশের বোলারদের জন্য স্বস্তির খবর। ভবিষ্যতের দলের কথা মাথায় রেখেই হয়তো ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানকে রাখেনি সনাৎ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। প্রথম ঘোষিত দলে চার নবীনের থাকাটাও হয়তো সেটারই ইঙ্গিত।ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন চারজনই। ভিতানাগের কথা তো বলা হলোই। অফস্পিনার থারিন্ডু কৌশলকে মনে করা হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটের পরবর্তী বিস্ময়। আজই ২০ পূর্ণ করা স্পিনার ঘরোয়া ক্রিকেটে সবশেষ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। লেগ স্পিনিং অলরাউন্ডার জীবন মেন্ডিস শ্রীলঙ্কার রঙিন পোশাকে উজ্জ্বল, সাদা পোশাকে প্রথম ডাক পেলেন প্রিমিয়ার লিগে ডাবল সেঞ্চুরি করে। কুশল পেরেরাও জায়গা পেয়েছেন ডাবল সেঞ্চুরির কল্যাণে। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যানও।অজন্তা মেন্ডিস সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১১ সালে মে মাসে, কার্ডিফে। গলে রঙ্গনা হেরাথের সঙ্গে সম্ভবত জুটি বাঁধবেন এই স্পিনারই। বছর খানেক ধরে দ্বিতীয় স্পিনার হয়ে থাকা সুরাজ রণদিভ জায়গা হারিয়েছেন বাজে ফর্মের কারণে। বাংলাদেশের মতোই চারজন পেসার শ্রীলঙ্কার স্কোয়াডে। তবে নুয়ান কুলাসেকারার সঙ্গে থাকবেন সম্ভবত চানাকা ভেলেগেদেরা। বাদ পড়েছেন ধাম্মিকা প্রসাদ। ৮ মার্চ শুরু গল টেস্ট, কলম্বোতে ২য় টেস্ট ১৬ মার্চ থেকে। ওয়েবসাইট। গল টেস্টের দলঅ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, তিলকরত্নে দিলশান, দিমুথ করুণারত্নে, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, শামিন্দা ইরাঙ্গা, কুশল পেরেরা, জীবন মেন্ডিস, কিতুরুয়ান ভিতানাগে, অজন্তা মেন্ডিস, নুয়ান কুলাসেকারা, চানাকা ভেলেগেদেরা, সুরঙ্গা লাকমল, রঙ্গনা হেরাথ ও থারিন্ডু কৌশল।