শ্রীলঙ্কা দলে দলাদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরিয়নের হালকা সবুজ উইকেটে স্টেইন-ফিল্যান্ডারদের বোলিং-তোপের মুখে লড়াই করছে শ্রীলঙ্কা। ওদিকে সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের নিয়ে একপশলা বিতর্ক হয়ে গেল শ্রীলঙ্কার জাতীয় সংসদে। সরকার আর বিরোধী পক্ষ তোপ দাগল পাল্টাপাল্টি। শ্রীলঙ্কা দলের পারফরম্যান্সের অবনতির পেছনে দলের অন্তঃকলহকেই দায়ী করলেন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে।প্রসঙ্গটা তুলেছিলেন অর্জুনা রানাতুঙ্গাই। ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন বিরোধী দলের অন্যতম নেতা। সংসদে রানাতুঙ্গা অভিযোগ করেন, দেশটির ক্রিকেটে সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণেই প্রতিভা থাকা সত্ত্বেও এ দলটি খারাপ করছে। এ বছর জুলাইয়ে মুত্তিয়া মুরালিধরনের বিদায়ী টেস্টের পর টানা ১৪ ম্যাচ খেলে একটি টেস্টেও জিততে পারেনি শ্রীলঙ্কা। হেরেছে চারটি, ড্র করেছে ১০টিতে। গত কয়েক মাসে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কাছে টেস্ট সিরিজে হেরেছে শ্রীলঙ্কা।এই দুর্দশার জন্য সরকারি হস্তক্ষেপ নয়, দলীয় বিভেদকেই দায়ী করেছেন আলুথগামাগে। স্থানীয় দৈনিক সিলন টুডেকে মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন। সেখানেই খেলোয়াড়েরা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে অধিনায়ক ও কোচের যোগাযোগের সমস্যা রয়েছে। এএফপি।