শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ‘বি’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং ওপেন করবেন অ্যারন ফিঞ্চ ও ফিল হিউজ। তিন নম্বরে উসমান খাজা। তিনজনেরই আজ ওয়ানডে অভিষেক। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জর্জ বেইলি। টি-টোয়েন্টি দলের অধিনায়কের ওয়ানডে অধিনায়কত্বে অভিষেক আজ। ওয়ানডে অভিজ্ঞতা মাত্র ১৩ ম্যাচের।অস্ট্রেলিয়া দলে আজ কে কে নেই, এটাও তাহলে জেনে নিন। নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক নেই, নেই শেন ওয়াটসন ও মাইক হাসিও। প্রথম দুজনের অনুপস্থিতির কারণ চোট। মাইক হাসি টেস্ট থেকে অবসর নিলেও এই সিরিজটা খেলতে চেয়েছিলেন। নিজেদের দেশে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপের জন্য চিন্তাভাবনা শুরু করে দেওয়ায় নির্বাচকেরা আবেগের কোনো মূল্যই দেননি। মিলিতভাবে ৫৬০টি ওয়ানডের অভিজ্ঞতাসম্পন্ন এই তিনজনের সঙ্গে আরও নেই ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েড।এক বছর পর উইকেটকিপার ব্র্যাড হাডিন ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তার পরও অস্ট্রেলিয়ার তুলনামূলক অনভিজ্ঞতা বোঝাতে একটা তথ্যই যথেষ্ট। শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে একাই খেলেছেন ৩৮৬টি ওয়ানডে, যেখানে আজকের ম্যাচের অস্ট্রেলিয়ান একাদশ মিলে এর চেয়ে ২০টি কম! জর্জ বেইলির এই দলকে যে ‘অস্ট্রেলিয়া বি’ বলা হচ্ছে, তাতে আর আশ্চর্য কি! জর্জ বেইলি অবশ্য এতে চটেমটে লাল। তবে যুক্তি খণ্ডনের মতো কিছু অবশ্য বলতে পারেননি, ‘এই দুই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার পক্ষে সেরা যে দল গড়া সম্ভব ছিল, তা-ই গড়া হয়েছে।’ তা তো ঠিকই। তবে চ্যানেল নাইন যে এই দলের ব্যাপারে মহা অসন্তুষ্ট, সেটিকেও তো অন্যায্য বলা যাচ্ছে না। এত টাকা দিয়ে টিভি স্বত্ব কেনার পর তাদের তো টিআরপি রেটিং নিয়ে ভাবতেই হয়। এমনিতেই অস্ট্রেলিয়ার অবস্থা উপমহাদেশের চেয়ে উল্টো। টেস্টের তুলনায় ওয়ানডেতে মাঠে দর্শক কম হয়। বিশাল এমসিজির বেশির ভাগ আসনই তাই আজ খালি পড়ে থাকার আশঙ্কা। শ্রীলঙ্কার এটি নিয়ে ভাবতে বয়েই গেছে। খর্বশক্তির অস্ট্রেলিয়া দল বরং টেস্ট সিরিজের দুঃস্বপ্ন ভুলে যাওয়ার একটা সুযোগ হয়ে এসেছে তাদের জন্য। দলের শক্তিও অনেক বেড়েছে। যোগ দিয়েছেন লাসিথ মালিঙ্গা। টেস্ট সিরিজে শ্রীলঙ্কা যখন হাবুডুবু খাচ্ছে, মালিঙ্গা তখন অস্ট্রেলিয়াতেই ঝড় তুলেছেন বিগ ব্যাশে। ১০.৬৯ গড়ে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট তাঁর। মেলবোর্ন স্টারসে তাঁর সতীর্থ ও আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারের ভরসা ডেভিড হাসি ‘মালিঙ্গা তাঁর জীবনের সেরা ফর্মে আছেন’ বলে ঘোষণা করে দিয়েছেন। দুই রহস্য স্পিনার অজন্তা মেন্ডিস ও আকিলা দনঞ্জয়াও যোগ হয়েছেন শ্রীলঙ্কা দলে। যে মাঠে খেলা, সেটিও শ্রীলঙ্কার জন্য সবচেয়ে বড় প্রেরণা। এমসিজিতে দুই দলের মধ্যকার সর্বশেষ ৩টি ম্যাচেই জিতেছে তারা। অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ডও খুব ভালো লঙ্কানদের। গত বছর ৭টি ওয়ানডের ৪টিতেই জয়, ২০১০ সালে অস্ট্রেলিয়াতেই দুই দলের মধ্যকার সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজেও জিতেছে ২-১ ম্যাচে।ক্লার্করা ফেরার আগে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটা শ্রীলঙ্কা কাজে লাগাতে না পারলে সেটিকে ‘অঘটন’-ই বলতে হবে! তথ্যসূত্র: এএফপি ও ওয়েবসাইট।