শ্রীলঙ্কা যাচ্ছে ইউল্যাব
রেড বুল ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ক্রিকেটারদের এই টুর্নামেন্টটা গতবারের চেয়ে এবার একটু বড় পরিসরেই হচ্ছে। গতবার মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় অংশ নিলেও এবার আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়। আগামী ২-৬ এপ্রিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)। বাংলাদেশের গতবারের বেসরকারি আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেটের চ্যাম্পিয়ন হিসেবেই ইউল্যাব সুযোগ পেয়েছে টুর্নামেন্টে। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। প্রতি গ্রুপের সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে। ৬ এপ্রিল ফাইনাল। টুর্নামেন্টে ইউল্যাবের সঙ্গী অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, ভারতের চণ্ডীগড়ের দয়ানন্দ অ্যাংলো মহাবিদ্যালয় (ডিএভি কলেজ), পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়, লন্ডনের জিবি কলেজ ও শ্রীলঙ্কার মোরাতুয়া বিশ্ববিদ্যালয়। কাল সংবাদ সম্মেলনে ইউল্যাব ক্রিকেট দলের অধিনায়ক আসিফ হোসেন টুর্নামেন্ট নিয়ে ব্যক্ত করলেন আশাবাদ, ‘বাংলাদেশে যেমন খেলেছি কলম্বো গিয়েও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আশা করি, আমরা সেখানে ভালো ক্রিকেটই খেলব।’ ১ এপ্রিল ঢাকা ছাড়বে ইউল্যাব।সেরেনা-শারাপোভা ফাইনালমায়ামির সনি ওপেন শিরোপা পাঁচবার জিতেছেন সেরেনা উইলিয়ামস। অন্যদিকে আগ্নিয়েস্কা রাদভানস্কা বর্তমান চ্যাম্পিয়ন। সেই বর্তমান চ্যাম্পিয়নই পরশু উড়ে গেলেন সেরেনা-সাইক্লোনে। পোল্যান্ডের রাদভানস্কাকে ৬-০, ৬-৩ গেমে বিধ্বস্ত করে সনি ওপেনের ফাইনালে উঠেছেন মেয়েদের টেনিসের এক নম্বর তারকা। আর এতেই নিশ্চিত হয়েছে মায়ামির দর্শকেরা আজ একটা দারুণ আকর্ষণীয় ফাইনাল দেখছে। ফাইনালে যে সেরেনার প্রতিপক্ষ মারিয়া শারাপোভা। পরশু প্রথম সেমিফাইনালে সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে আরেকটি একতরফা ম্যাচে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন শারাপোভা। সেরেনার সামনে ইতিহাসের হাতছানি। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া ফাইনালে জিতলেই মাত্র চতুর্থ নারী খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্ট ছয়বার জিতবেন উইলিয়ামস বোনদের ছোটজন। এএফপি।