শ্রীলঙ্কা যাবেন না শচীন
শচীন টেন্ডুলকারকে বাদ দিয়েই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। ২১ জুলাই থেকে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার কথা। শ্রীলঙ্কায় ভারত পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই সফরের মধ্য দিয়ে আইপিএলের পর মোটামুটি লম্বা একটি ছুটি কাটিয়ে ক্রিকেটে ফিরবেন ভারতীয় ক্রিকেটাররা।এই সফরে দলে ফিরেছেন বীরেন্দর শেবাগ ও জহির খান। শচীন টেন্ডুলকার অবশ্য শ্রীলঙ্কা যাচ্ছেন না নিজের ইচ্ছাতেই। আরও কিছুদিন ছুটি কাটাতে চাচ্ছেন তিনি। প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানিয়েছেন, আগামী নিউজিল্যান্ড সফরে শচীন দলে ফিরবেন। শচীন টেন্ডুলকারের অনুপস্থিতি ভাগ্য খুলে দিয়েছে আজিঙ্ক রাহানের। ভারতীয় ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে অসফল রাহানে নিজেকে এ জন্য ভাগ্যবান মনে করতেই পারেন।দলে জহিরের অন্তর্ভুক্তিতে বোলারের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। বিনয় কুমার, উমেশ যাদব, অশোক ডিন্ডার সঙ্গে আছেন রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা ও রাহুল শর্মা। শ্রীলঙ্কার ব্যাটিং সহায়ক কন্ডিশনে সাত বোলারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন আছে অনেকেরই। ব্যাটসম্যান হিসেবে বাংলা থেকে দলে সুযোগ হয়েছে মনোজ তিওয়ারির। আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের হয়ে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের পুরস্কারটা তিনি পেয়ে গেলেন হাতে হাতেই। তবে আইপিএলে দুর্দান্ত খেলেও সুযোগ হয়নি রবীন্দ্র জাদেজার। বাদ পড়েছেন পাঠান ভাতৃদ্বয়।ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, জহির খান, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, রাহুল শর্মা, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব, বিনয় কুমার ও অশোক ডিন্ডা।