শ্রীলঙ্কা সন্দেহাতীত ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের কয়েকটি দিন হলো শ্রীলঙ্কার বিশ্বকাপের ফাইনালে খেলার সোনালি সুযোগের অপেক্ষার। সেমিফাইনালে উঠে ভারত ও পাকিস্তান উপমহাদেশকে গর্বিত করেছে। শ্রীলঙ্কাও শেষ কোয়ার্টার ফাইনালে নামলে সন্দেহাতীত ফেবারিট। আবার ইংল্যান্ডও ভাবতে পারে যে তাদেরও সুযোগ আছে, যেহেতু কয়েকটি হাড্ডাহাড্ডি ম্যাচ খেলে এসেছে। ভারতের সঙ্গে টাই করেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছে। অ্যান্ড্রু স্ট্রাউসের ইংল্যান্ডকে তাই গোনার বাইরে রাখা যাবে না । আমার তো মনে হয় প্রেমাদাসার টার্নিং উইকেটে খেলার জন্য যথেষ্ট প্রস্তুতি তারা নিয়েছে। শ্রীলঙ্কার জন্য বড় দুশ্চিন্তার বিষয়, ইংল্যান্ডেরও ভালো ভালো স্পিনার আছে। জেমস ট্রেডওয়েলের কিছু করে ফেলার সামর্থ্য আছে, আর গ্রায়েম সোয়ান তো বিশ্বমানের স্পিনার। সম্প্রতি অনেক ম্যাচই সে জিতিয়েছে দলকে। স্পিনের বিপক্ষে শ্রীলঙ্কান ব্যাটিং খুব ভালো। তবে সোয়ানের ব্যাপারে সতর্ক থাকতে হবে তাদের।শ্রীলঙ্কার জন্য সবচেয়ে ভরসার জায়গা, কুমার সাঙ্গাকারার দুর্দান্ত ফর্ম। প্রায় সব প্রতিপক্ষের বিপক্ষেই রান করেছে সে এবং মনে হচ্ছে নিজের খেলাটা ঠিকভাবে খেলতে পারছে। দলের অন্য যেকোনো ব্যাটসম্যানের চেয়ে হোম কন্ডিশনটা ও বেশি উপভোগ করছে, যদিও তা আরেক দিক দিয়ে দুঃখজনক ও ভয়ের। সাঙ্গাকারা বা মাহেলা জয়াবর্ধনের যদি কোনো কারণে বাজে দিন যায়, তাহলে অবশ্যই তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গাকে ভার বইতে হবে।সংগত কারণেই আমি শ্রীলঙ্কার সোনালি সুযোগ বলেছি। ইংল্যান্ড এই বিশ্বকাপে প্রত্যাবর্তনের অনেক উদাহরণ তৈরি করেছে ঠিক, তবে ওদের ব্যাটিংয়ের খুবই বাজে হাল এবং ইংল্যান্ড শ্রীলঙ্কাকে অতিক্রম করে যাবে ভাবাই যায় না। ইংল্যান্ড যদি আগে ব্যাট করে বড় রান করে এবং সোয়ানকে ঠিকভাবে কাজে লাগাতে পারে, একমাত্র তাহলেই সুযোগ থাকবে। রান তাড়া করতে যদিও শ্রীলঙ্কার অনীহা, তবু স্বাগতিকদের পরীক্ষা নিতে ইংল্যান্ডের অনেক বড় রানই করতে হবে।ওদিকে আরেকটা ভারত-পাকিস্তান দ্বৈরথ উপহার দিতে এমএস ধোনির দল দারুণ খেলেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে জিততে ভারত টুর্নামেন্টে এ পর্যন্ত তাদের সেরা খেলাটা খেলেছে। অস্ট্রেলিয়া চার বছর আগের সেই দল তো নেই-ই, ভারত তাদের একেবারেই সাধারণ মানের বানিয়ে ফেলেছে। ধোনির সব সিদ্ধান্তই খেটে গেছে। ইউসুফ পাঠানের পরিবর্তে সুরেশ রায়নাকে নামানোটা ছিল দুর্দান্ত চাল। ভালো ফিল্ডিং করে ১০-২০ রান বাঁচিয়েছে রায়না। আর ভারতের যখন জয়ের জন্য ৮০ রান দরকার এবং ম্যাচটি পেন্ডুলামে দুলছে; তখন দারুণভাবে লড়াই করেছে। যুবরাজ সম্পর্কে আলাদা করে বলতেই হবে। এই টুর্নামেন্টে সত্যিকার অর্থেই সে অনন্য। প্রতিভাবান সব সময়ই ছিল, এখন প্রতিভার সদ্ব্যবহার করছে। সে শুধু চ্যাম্পিয়নের মতো ব্যাটিংই করছে না, ওর অধিনায়কের বোলিং পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশও। ভারতের বোলিং আক্রমণে বিস্ময়কর এক অন্তর্ভুক্তি সে। ভারতের যেটির বড় অভাব ছিল, তা হচ্ছে ভালো একজন অলরাউন্ডার, যে বোলিংটাও ভালো করতে পারবে। যুবরাজ সেই অভাবটা পূরণ করেছে এবং নিজের সেরাটা হয়তো পরের ম্যাচের জন্যই জমিয়ে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে সে খেলবে তার নিজের মাঠে।