শ্রীলঙ্কা সফরে লক্ষ্য ‘ভালো খেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতার ধারণাটা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে নতুন। এর আগে কিশোর-কিশোরীদের নিয়ে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলেও তাতে থাকত উৎসবের আমেজ। কিন্তু এখন ‘ফেস্টিভ্যাল’ টুর্নামেন্ট থেকে সরে এসে এটিকে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। কলম্বোতে আগামী পরশু শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব। এতে অংশ নিতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। দক্ষিণ ও মধ্য অঞ্চলের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, ভারত, ভুটান, ইরান ও তাজিকিস্তান। আঞ্চলিক পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠবে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন দলটি। ইরান, ভারত, তাজিকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে চূড়ান্ত পর্বে যাওয়াটা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব। সেই দুঃসাহস বাংলাদেশের নেইও। তবে শ্রীলঙ্কা-যাত্রার আগে দলের সবার মুখে ছিল একই কথা—‘ভালো খেলব।’ দলের কোচ আবদুর রাজ্জাক বললেন, ‘দল নিয়ে এক মাস পাঁচ দিন অনুশীলন করেছি। আমাদের উঠোনে যা আছে সেটা নিয়েই আমরা এগোচ্ছি। আশা করি, আমরা সেখানে লড়াই করতে পারব। ওদের চোখেমুখে ভালো কিছু করার প্রত্যয় আমাকে অবাক করেছে।’ দলের অধিনায়ক নরসিংদীর লিপি আক্তার। ১২ বছরের এই কিশোরী সাহস নিয়ে বলল, ‘আমরা ভালো খেলতে চাই। প্রতিপক্ষ কারা সেটা নিয়ে ভয় পাচ্ছি না, নিজেদের সেরাটাই খেলব সবাই।’ কাল বাফুফে ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য জানিয়েছেন মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু)।