শ্রীলঙ্কা সিরিজ মাছরাঙা টিভিতে
নিমবাসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘ মেয়াদে এখনো টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রি করেনি বিসিবি। গত নিউজিল্যান্ড সিরিজের মতো শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্যও তাই আলাদাভাবে বিক্রি হচ্ছে স্বত্ব এবং সেটি পাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা।
বিসিবির বিপণন ও বাণিজ্য কমিটির প্রধান কাজী ইনাম আহমেদ কাল সন্ধ্যায় টেলিফোনে নিশ্চিত করেছেন, ‘বেশি দাম প্রস্তাব করায় আমরা মাছরাঙা টেলিভিশনের কাছে শ্রীলঙ্কা সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। টেকনিক্যাল আরও কিছু বিষয়ে আলাপ-আলোচনার পর এটি চূড়ান্ত করা হবে।’
জানা গেছে, শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচার স্বত্ব পেতে মাছরাঙা টিভির পাশাপাশি আরেকটি বেসরকারি চ্যানেল গাজী টিভিও দর প্রস্তাব করেছিল। তাদের দর ছিল প্রায় ৯০ লাখ টাকা। আর মাছরাঙার কাছ থেকে বিসিবি পাবে ১ কোটি টাকারও কিছু বেশি।