শ্রীলঙ্কা সিরিজে দুটি টি-টোয়েন্টি
আগামী মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শুরুতে দুই টেস্ট আর তিন ওয়ানডের সিরিজই ছিল এটা। এখন এর সঙ্গে যোগ হচ্ছে দুটি টি-টোয়েন্টি ম্যাচও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্যাপারটা খুবই ভালো। তবে চিন্তাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথা থেকে আসেনি, প্রস্তাবটা শ্রীলঙ্কার। কাল বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন জানিয়েছেন, ‘সফরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, আমরা এই প্রস্তাবে সম্মত হব বলেই ভাবছি।’
আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা দল। টেস্ট সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রস্তুতি ম্যাচ ছাড়াই টেস্ট খেলতে রাজি শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচের বদলেই দেওয়া হয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের কঠিন লড়াইয়ে নামার আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগকে তো মহার্ঘই মানতে হবে।